Calcutta High Court Removes Ritabrata:
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদ নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড়সড় মোড়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশে স্পিকার রথীন্দ্র বসুর গত ৩ জুনের সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। একইসঙ্গে নতুন করে বিরোধী দলনেতা নির্বাচন ও স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পিকারকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনও বিরোধী দলনেতা থাকছেন না।
আদালতের এই রায়ের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চাপানউতোর। একদিকে হাইকোর্টের নির্দেশকে নিজেদের জয় বলে দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির। অন্যদিকে, ঋতব্রতকে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া বিতর্ক ফের সামনে চলে এসেছে।
‘বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল’, কুণালের কটাক্ষ
কলকাতা হাইকোর্টের রায়ের পরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) নিশানা করেছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির। দলের আইনজীবীর কটাক্ষ, কেউ নিজেকে মুঘল সম্রাট বলে দাবি করলেই তিনি মুঘল সম্রাট হয়ে যান না। অর্থাৎ, শুধু দাবি করলেই কোনও পদে অধিকার প্রতিষ্ঠা করা যায় না বলেই ইঙ্গিত করেছেন তিনি।
এদিকে, আরও তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। কারও নাম সরাসরি উল্লেখ না করেই তাঁর মন্তব্য, ‘বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল।’ হাইকোর্টের রায়কে হাতিয়ার করেই ঋতব্রতকে কটাক্ষ করেছেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্যের মাধ্যমে আদালতের রায়কে নিজেদের অবস্থানের পক্ষে বড় সাফল্য হিসেবে তুলে ধরতে চেয়েছে মমতা শিবির।
শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা
এই বিতর্কের সূত্রপাত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকেই। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার পর বিধানসভায় বিরোধী দলনেতার পদ নিয়ে জল্পনা শুরু হয়। ৮০টি আসনে জয়লাভ করায় তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দলের মর্যাদা পায়।
সেই সময় তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেন। এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিধানসভার স্পিকারকে চিঠিও পাঠানো হয়েছিল। কিন্তু সেই চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। ফলে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে দলের অন্দরেই শুরু হয় বিতর্ক।
তৃণমূলে ভাঙন, স্পিকারকে চিঠি দিয়ে ঋতব্রতকে নেতা নির্বাচনের দাবি
এই পরিস্থিতির মধ্যেই তৃণমূলের অন্দরে বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে। দলবিরোধী কাজের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। কিন্তু অন্যদিকে, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রতকেই নিজেদের নেতা হিসেবে বেছে নেন।
তাঁরা স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়ে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। সেই চিঠির ভিত্তিতেই গত ৩ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার।
তবে স্পিকারের এই সিদ্ধান্ত মেনে নিতে রাজি হননি বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই।
প্রথমে সিঙ্গল বেঞ্চ, পরে ডিভিশন বেঞ্চে মামলা
ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি (Calcutta High Court Removes Ritabrata) দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ওঠে। পরবর্তী সময়ে বিষয়টি গড়ায় ডিভিশন বেঞ্চে। গত অগস্টে ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়, আপাতত দু’মাসের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
তবে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার পাশাপাশি মূল বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় সিঙ্গল বেঞ্চকে। সেই নির্দেশের ভিত্তিতে মামলার শুনানি চলে। গত ২১ নভেম্বর রায়দান স্থগিত রাখা হয়েছিল। অবশেষে শুক্রবার সেই মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court Removes Ritabrata
১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে
বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশে গত ৩ জুন স্পিকার রথীন্দ্র বসুর দেওয়া স্বীকৃতি বাতিল হয়েছে (Calcutta High Court Removes Ritabrata)। আদালত জানিয়েছে, বিরোধী দলনেতা হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, সে বিষয়ে স্পিকারকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১০ দিনের সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে হাইকোর্ট।
ফলে আপাতত বিরোধী দলনেতার পদটি শূন্য থাকছে। আগামী ১০ দিনের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। একইসঙ্গে এই রায় রাজ্যের বিধানসভা রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি করে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
Read More: Politics | West Bengal News
Follow Us on: YouTube