Ritabrata Banerjee। ঋতব্রতর দলই ‘আসল’ তৃণমূল! আদালতের নির্দেশ হাতে নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা

Spread the love

Ritabrata Banerjee: তৃণমূল কংগ্রেস কার? তৃণমূলের কত ভাগ? দল-প্রতীক-তহবিল কার? নির্বাচন কমিশনের কাছে দু’পক্ষই জমা দিয়েছে নথি। এসবের মাঝেই, রবিবাসরীয় দুপুরে, কোর্ট পেপার হাতে নিয়ে, বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তাঁর দলই ‘আসল তৃণমূল।’ গত ২২ জুন দলের বিশেষ অধিবেশন এবং তার ভিত্তিতে গঠিত জাতীয় কর্মসমিতিকে একমাত্র বৈধ আইনি কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে বহুচর্চিত আইনি লড়াইয়ে ইতি টানার চেষ্টা করল অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবির। ওয়াকিবহাল মহলের মতে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে দাবি করলেন, তাতে কালীঘাটের পায়ের তলার জমি সরে যেতে পারে মুহূর্তে।

 

ছাব্বিশের ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস পরিবার ভেঙে তছনছ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্বাধীন কালীঘাট তৃণমূল ক্রমশ ক্ষয়িষ্ণু, দলের অভ্যন্তরের ‘বিদ্রোহে’ জেরবার। আর উলটোদিকে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘আসল’ তৃণমূলের ঘর ভরে উঠছে। যত সময় যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একা করে একে একে তৃণমূল নেতারা ভিড়ছেন ঋতব্রত শিবিরে। তাতে চূড়ান্ত বিভ্রান্ত হয়েছিলেন সাধারণ কর্মীরা। তাঁরাই আলিপুর আদালতে মামলা করেন। এই আবহে বিরোধী দলনেতা বলেন, কিছু লোক দলের পার্টি অফিস দখলের চেষ্টা করায় এবং অশান্তি বাধানোয় তৃণমূলেরই কিছু কর্মী আলিপুর আদালতে একটি মামলা করেছিলেন। আদালত সম্প্রতি সেই মামলায় রায় দিয়েছে। ঋতব্রতের বক্তব্য, আদালত স্পষ্ট জানিয়েছে, যে অধিবেশনে অরূপ রায়কে দলের চেয়ারপার্সন করা হয়েছে (মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে), সেই তৃণমূলই ‘আসল তৃণমূল।’ তার বাইরে অন্য কেউ যদি নিজেদের তৃণমূল বলে দাবি করে দলের কোনও পার্টি অফিস দখল করার চেষ্টা করেন, তা বেআইনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *