Chaiti-Amartya। ছেলে অমর্ত্যকে হিজড়া কটাক্ষ! ট্রোলারদের কড়া জবাব চৈতির

Spread the love

সদ্য পরিচালনায় পা রেখেছেন অভিনেত্রী ও নাট্য ব্যক্তিত্ব চৈতি ঘোষাল। মুক্তি পেয়েছে ‘নেভারমাইন্ড’। সঙ্গে বেশ প্রশংসাও পাচ্ছে দর্শকদের থেকে। এই সিনেমা দিয়ে বাংলার দর্শকের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন টলিপাড়ার তরুণ তুর্কি অমর্ত্য ঘোষাল। সম্পর্কে তিনি চৈতি ঘোষালের ছেলে, নেভারমাইন্ডের ‘হিরো’, আর তাতেই যেন ট্রোলের শিকার তিনি। নানা ধরনের কুরুচিকর মন্তব্য ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এবার ছেলের ট্রোলারদের একহাত নিলেন চৈতি।

চৈতির আফশোস, শুধুমাত্র ছেলে গলায় একটি গয়না পরেছিল বলে, তাঁকে ‘হিজড়া’ ট্রোলের মুখে পড়তে হয়েছে। চৈতি বলেন, ‘কারণ সে গলায় একটা গয়না পরেছে। ও একজন মিউজিশিয়ান। ইমতিয়াজ আলির ছবিতে আমরা সেই চরিত্রগুলোকে ভালোবাসি, তাদের শরীরে থাকা ট্যাটুগুলোকে ভালোবাসি! একজন মিউজিশিয়ানের বডি ল্যাঙ্গুয়েজ একটু ফ্লুইড হয়। ওই কারণেই তো আমি ওকে নেভারমাইন্ডে নিয়েছি।’

‘তাকে বলে দেওয়া হল তার মা তার হাত ধরে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছে। একজন অত্যন্ত ভালো ছবি বানানোর কথা ভেবে অমর্ত্যকে কাস্ট করেছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওটা প্রযোজনা করেছে। অমর্ত্য কোনোদিন কোনো ফিল্মি পার্টিতে যায়নি। ও পড়ুয়া একটা ভালো ছেলে ছিল। এখনো ভালো আছে, আরও ভালো হয়েছে। সে এফটিআই পুনে-তে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে। সে ময়দানের মতো একটা সিনেমা করেছে। ওর ব্যাপরে যা মুখে আসছে বলে দিল।’, ছেলেকে নিয়ে ট্রোলে আরও বলেন চৈতি ‘সঙ্গে শ্রবন্তী’ পডকাস্টে।

অমর্ত্য নিজেও তাঁকে ‘হিজড়া’ বা ‘গে’ বলে কটাক্ষ করা নিয়ে খুলেছিলেন মুখ। ফেসবুক পোস্টে লেখেন, এই শব্দগুলিকে তিনি কোনও অপমান বলেই মনে করেন না। বরং তাঁর মতে, সেই সম্প্রদায়ের মানুষের পোশাকবোধ ও সৃজনশীলতা অনেকের চেয়ে বেশি সমৃদ্ধ।

২০১৮ সালে অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’ সিনেমার মাধ্যমে টলিউডে ডেবিউ করেন অমর্ত্য। অজয় দেবগনের হিন্দি সিনেমা ‘ময়দান’-এ কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হন। বলিউডের আরও এক স্পোর্টস ড্রামা ২২ ইয়ার্ডস-এও কাজ করেছেন অমর্ত্য। এমনকী, নেভারমাইন্ডেও তাঁর কাজ দর্শকদের কাছ থেকে বহুল প্রশংসা পেয়েছে।

পার্ক স্ট্রিট ও কলকাতার প্রেক্ষাপটে তৈরি হয়েছে নেভারমাইন্ড। ছবিতে অমর্ত্যকে দেখা গিয়েছে এক বার সিঙ্গারের চরিত্রে, নাম জুড। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরনার ছবিতে আরও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, কুশল চক্রবর্তী, অনুষা বিশ্বনাথন এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো তারকারা। জার্মানির ২৩তম স্টুটগার্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেতা অমর্ত্য রায় নেভারমাইন্ড সিনেমার জন্য মর্যাদাপূর্ণ ‘শুটিং স্টার অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *