Congress Candidate arrested: পুরনো খুনের মামলায় গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী (Nandigram Congress Candidate) মিলন প্রধান। তাৎপর্যপূর্ণভাবে, শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবিরের নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে নিজের মনোনয়ন প্রত্যাহার করার পর সাংবাদিক বৈঠক করে নেত্রী জানিয়েছিলেন তিনি ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন। ঘটনাক্রমে তাঁর সেই ঘোষণার কয়েক ঘন্টা পরই এই গ্রেফতারি। শনিবার হলদিয়া আদালতে হাজির করানো হতে পারে ধৃত কংগ্রেস প্রার্থীকে।
জানা যাচ্ছে, প্রায় দু’দশকের পুরনো মামলা অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের ঘটনায় মিলন প্রধানের নাম জড়িয়েছিল। ওয়ারেন্টও বেরিয়েছিল তাঁর নামে। সেই মামলাতেই শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘খাসতালুকে’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গ্রেফতারি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগেই বিরোধী বলে কিছু রাখতে চাইছে না বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘হঠাৎ করে মামলা হল! এই ভাবে একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চাইছে বিজেপি। বিরোধী রাজনীতি বলে কী কিছু থাকবে না এই দেশে?’ তাঁর দলের প্রার্থীর গ্রেফতারিতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন শুভঙ্কর সরকার। যদিও তাঁর অভিযোগ নস্যাৎ করে দিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন, পুলিশের কাজ পুলিশ করছে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। এই কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণা করেছিল হাত শিবির। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামে নিজের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র মনোনয়ন প্রত্যাহারের পর মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা করেন। এর ফলে নন্দীগ্রামের উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়। একদিকে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার এবং কংগ্রেসকে সমর্থন—পরপর ঘটনাপ্রবাহের মধ্যেই এবার কংগ্রেস প্রার্থীকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নন্দীগ্রামে এবার বিজেপির প্রার্থী হাসিরানি রথ, কংগ্রেসের মিলন প্রধান, বামেদের প্রার্থী-সহ একাধিক প্রার্থী রয়েছেন। তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ে শিবিরও মহম্মদ এহতেশা মুল হককে প্রার্থী করেছে। এই পরিস্থিতিতে ভোটের মাত্র কয়েক সপ্তাহ আগে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারের খবর নন্দীগ্রামের নির্বাচনী প্রচারে নতুন প্রশ্ন তৈরি করেছে। মিলন প্রধানের বিরুদ্ধে থাকা মামলার প্রকৃতি, আদালতে তাঁর পরবর্তী অবস্থান এবং নির্বাচনী প্রক্রিয়ায় এর কোনও প্রভাব পড়বে কি না, এখন সেদিকেই নজর।