Content Creator gets 33 Votes in Election। ২১ লাখ ফলোয়ার্স! নির্বাচনে মোটে ৩৩টি ভোট পেলেন

Spread the love

Content Creator gets 33 Votes in Election: ইনস্টাগ্রামে লাখ-লাখ ফলোয়ার। ইউটিউবে লাখ-লাখ সাবস্ক্রাইবার। ফেসবুকেও ফলোয়ার সংখ্যা দু’লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ার জগতে ২১ লাখের বেশি ‘অনুগামী’। কিন্তু সেই সোশ্যাল মিডিয়া ‘স্টার’ নির্বাচনে লড়াই করে পেলেন মাত্র ৩৩টি ভোট। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের যোধপুর জেলার ওসিয়ান তহসিলের অন্তর্গত ইনদোন কি ধানি ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের পদে লড়াই করেন ইউটিউবার ওমপ্রকাশ বিষ্ণোই। আর তাতেই শোচনীয় পরাজয়ের শিকার হন।

এত্ত ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি

ওই প্রতিবেদন অনুযায়ী, ওই পঞ্চায়েতে মোট ভোটারের সংখ্যা ১,৬০০-র মতো ছিল। সেখানে মোটে ৩৩টি ভোট পান সোশ্যাল মিডিয়া ‘স্টার’। যাঁর ইনস্টাগ্রামে ১৪ লাখের বেশি ফলোয়ার আছে। ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫.৫ লাখের মতো। আর ফেসবুকে ২.৩২ লাখের বেশি ফলোয়ার আছে। সেই পরিস্থিতিতে ওমপ্রকাশ মাত্র ৩৩টি ভোট পাওয়ায় চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে অনেকের।

 

সোশ্যাল মিডিয়া ও ভোটবাক্সের মধ্যে আকাশ-পাতাল তফাৎ

যদিও তাতে অবাক নন আবার অনেকেই। তাঁদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা এবং ভোটবাক্সের মধ্যে অনেকটাই ব্যবধান আছে – বাস্তবে আকাশ ও পাতালের মতো তফাৎ। নাহলে নির্বাচনের দরকারই হত না। সোশ্যাল মিডিয়ায় কোন প্রার্থী বা কোন দলের কত ফলোয়ার, তা দেখেই নির্বাচন করা হয়ে যেত। ফলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দিয়ে ভোটের বাক্সের ফয়সালা হয় না বলে মনে করছে ওই মহল।

১ শিক্ষকও ভোটে দাঁড়িয়েছিলেন

এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিজেকে জ্যোতিষী বলে দাবি করেন ওমপ্রকাশ। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিনি ছাড়াও ইনদোন কি ধানি ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের পদে ভোটের জন্য দাঁড়িয়েছিলেন আরও দু’জন। তাঁদের মধ্যে একজন শিক্ষক ছিলেন। তাঁর প্রাপ্ত ভোট হল ৫২৭। আর জয়ী প্রার্থী গাড়ির ব্যবসা চালান বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

নিজের বিষয়ে কী বললেন স্বষোঘিত জ্যোতিষী?

তবে যাবতীয় নজর কেড়ে নিয়েছেন স্বঘোষিত জ্যোতিষী। ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি দাবি করেন ?s গ্রামের প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করা, অসহায় প্রাণীদের দেখাশোনা করা এবং সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই ভোটে লড়াই করেন। তিনি একটি গোশালা চালান বলেও দাবি করেছেন ওই স্বঘোষিত জ্যোতিষী। তিনি দাবি করেছেন, ওই গোশালায় ১,৫০০টি গরু আছে। আর সেজন্য নিজের প্রায় ৩০ বিঘা জমি দান করেছেন বলেও দাবি করেছেন ওমপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *