Cyclone Akvan Weather Update:
সমুদ্রেই কিছুটা দুর্বল হয়ে গেল প্রবল ঘূর্ণিঝড় অ্যাকভান। আজ সকালে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রাতেই অ্যাকভান ‘প্রবল’ থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যা আজ দুপুর-বিকেলের মধ্যে গোপালপুরের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল পার করবে। সেইসময় দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারের মতো থাকতে পারে। তবে সাধারণত ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। একটা সময় আশঙ্কা করা হয়েছিল যে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১০০ কিমির গণ্ডি পার করে যাবে।
কতটা দূরে আছে ঘূর্ণিঝড় অ্যাকভান?
সেই আশঙ্কার নেপথ্যে ছিল ঘূর্ণিঝড়ের শক্তি। কিন্তু ল্যান্ডফলের আগেই সমুদ্রে কিছুটা শক্তি খুইয়ে ফেলায় বিপদের আশঙ্কা আরও কিছুটা কমে গিয়েছে। আজ সকালে মৌসম ভবনের দেওয়া সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে (Akvan Weather Update), ওড়িশার গোপালপুরের দক্ষিণে ১৭০ কিমি, পুরীর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ২৫০ কিমি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমের পূর্বে ১৭০ কিমি এবং কলিঙ্গপত্তনমের ১১০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় অ্যাকভান।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের কোথায় ভারী বৃষ্টি?
সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃৃষ্টি চলবে। পাঁচটি জেলার (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া) একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে (Akvan Weather Update)। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হওয়ায় ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Akvan Weather Update
তাছাড়া আজ দক্ষিণবঙ্গের বাকি পাঁচটি জেলার (পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারইমধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। আর দক্ষিণবঙ্গের বাকি ১৩টি জেলায় ঝড়ের বেগ থাকবে ৩০-৪০ কিমির মধ্যে। ঝড়ের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এমনিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল ভালো মতোই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দিনভর বৃষ্টি হওয়ায় সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যেমন স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি সেলসিয়াস কম ছিল। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ২৩ ডিগ্রিতে। যা আগেরদিনও ২৭.৪ ডিগ্রি ছিল।
Read More: West Bengal
Follow Us on: YouTube