Porter Sons Success Story: ছেলেদের পড়াশোনার জন্য জমি বেচে দিয়েছিলেন ‘কুলি’ বাবা। আর এবার এক ছেলে হতে চলেছেন ডাক্তার। অপরজন হতে চলেছেন ইঞ্জিনিয়ার। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ করতে দিল্লির সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভরতি হয়েছেন এক ভাই সোনু রাজ। আর অপর ভাই মনু ভরতি হয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মেসরার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (বিআইটি)।
অথচ তাঁদের পথটা মোটেও সহজ ছিল না। লড়াই করতে হয়েছে অনেকটা সময়। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের ওই পরিবারের আর্থিক অবস্থা একেবারেই স্বচ্ছল ছিল না। বাবা মনোজ কুমার গয়ার শস্য বাজারে কুলির কাজ করতেন। বাড়তি কিছুটা টাকার আশায় কৃষিপণ্যের বিক্রয়ের কাজের পাশাপাশি ১০০ দিনের কাজও করতেন মনোজ। আর মা রেশমী দেবী ছিলেন গৃহবধূ।
সেই আর্থিক অনটনের মধ্যেই ছেলেদের স্বপ্নপূরণের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন মনোজ এবং রেশমী। ওই রিপোর্ট অনুযায়ী, দুটি ছোটো কৃষিজমি ছিল তাঁদের। ছেলেরা যাতে রাজস্থানের কোটায় গিয়ে ভালো করে প্রস্তুতি নিতে পারেন, সেজন্য একটি জমি বিক্রি করে দিয়েছিলেন মনোজ।
আর সেই আত্মত্যাগ এবং লড়াইয়ের দাম দিয়েছেন দুই ছেলেই। ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট পরীক্ষায় ৬৩৬ নম্বর পান সোনু। সুযোগ পান মেডিক্যাল কলেজে ভরতি হওয়ার, ডাক্তার হওয়ার নিজের স্বপ্নপূরণ করার। আর মনু সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা জেইই মেনে ৯৩ পার্সেন্টাইল পান। সেটার সুবাদে মেসরার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভরতি হয়েছেন।

বাবা-মায়ের আত্মত্যাগের দাম দিলেন ২ ছেলে
তারপর স্বভাবতই উচ্ছ্বাসে ভেসে গিয়েছে রাজ পরিবার। ওই প্রতিবেদন অনুযায়ী, বাবা মনোজ জানিয়েছেন যে তাঁরা যে কঠোর পরিশ্রম করেছিলেন, যে আত্মত্যাগ করেছিলেন, সেটার ফসল মিলল। আবার ছেলে সোনু জানিয়েছেন যে বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে তাঁরা মরিয়া ছিলেন। সেজন্য কঠোর পরিশ্রম করে গিয়েছেন। বাবা-মা যখন তাঁদের জন্য এতকিছু করেছেন, এত আত্মত্যাগ করছেন, তখন তাঁরাও ভালো কিছু করতে চেয়েছিলেন বলে জানান সোনু। যে প্রতিজ্ঞার কথা শোনা গিয়েছেন মনুর গলাতেও।