Donald Trump Health Condition: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সম্প্রতি তিনি ইরানকে নিয়ে কথা বলতে গিয়ে ভুল করে ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে চর্চা শুরু হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গতকাল ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মন্তব্য করছিলেন। সেই সময় তিনি বলেন, ‘আমাদের ভেনেজুয়েলার সঙ্গে সমস্যা চলছে। তাদের আর নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই এবং দেশের নেতৃত্বও প্রায় ভেঙে পড়েছে।’ কিন্তু পর্যবেক্ষকদের মতে, অতীতে একই ধরনের মন্তব্য তিনি ইরানকে উদ্দেশ্য করেই বহুবার করেছিলেন। সেই কারণেই তাঁর বক্তব্যে দুই দেশের নাম গুলিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ট্রাম্পের শারীরিক স্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তবে সেই ব গুঞ্জন উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে দাবি করেছিলেন যে তাঁর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ‘একেবারে নিখুঁত’। ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করানোর পরে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, সমস্ত রিপোর্ট স্বাভাবিক রয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা ভালো।
তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শারীরিক অবস্থা ও জনসমক্ষে তাঁর আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাঁর হাতে কালশিটে দাগ দেখা যাওয়ার পাশাপাশি কিছু অনুষ্ঠানে তাঁকে ক্লান্ত বা ঝিমিয়ে পড়া অবস্থায়ও দেখা গিয়েছে। এরপর থেকেই বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হতে শুরু করেছে।

আগামী মাসেই ৮০ বছরে পা দিতে চলেছেন ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয়বার তিনি যখম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সেই সময়ই তিনি সবচেয়ে বেশি বয়সে ওই পদে বসা ব্যক্তি হিসেবে নজির গড়েছিলেন। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ নিয়ে বারবার প্রশ্ম তুলেছিলেন ট্রাম্প। তবে এখন তাঁর নিজেরই শরীর ঠিক আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, গত ১৩ মাসে ওয়াল্টার রিড হাসপাতালে ট্রাম্প তিনবার স্বাস্থ্য পরীক্ষা করান। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থাকে ‘ব্যতিক্রমীভাবে সুস্থ’ বলেই দাবি করা হয়েছে।