সম্প্রতি হরিদ্বারে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা ইমরান হাশমি। যদিও কোন ছবির কাজ চলছে সেটা এখনও জানা সম্ভব হয়নি। কিন্তু শ্যুটিং চলাকালীন এমন কিছু ঘটে গেল যা নিয়ে উত্তাল নেটপাড়া। সেটে ব্যবহৃত একটি সাইনবোর্ড থেকেই তৈরি হয় বিপত্তি, যা নিয়ে স্থানীয়রা আপত্তি জানান। পরবর্তী সময়ে এই গোটা ঘটনাটি একটি বিশাল বড় চরম বিশৃঙ্খলায় পৌঁছে যায়।
ঠিক কী ঘটেছে সেটে?
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শুটিংয়ের জন্য একটি কৃত্রিম রেস্তোরাঁর সেট তৈরি করা হয়েছিল। সাইনবোর্ডে লেখা ছিল ‘ক্যাফে অ্যান্ড বার’। কিন্তু পবিত্র ধর্মীয় শহর হরিদ্বারে এমন শব্দ ব্যবহারে আপত্তি জানিয়েছেন স্থানীয়রা। এই গোটা ঘটনা নিয়ে তৈরি হয় চরম উত্তেজনা। ঘটনাস্থলে ইমরান হাশমিকে দেখা না গেলেও নিরাপত্তারক্ষী এবং প্রযোজনা সংস্থার এক সদস্যকে পরিস্থিতি সামাল দিতে দেখতে পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, ধর্মীয় শহর হরিদ্বারে ‘বার’ শব্দটি ব্যবহার করা যায় না। এই শব্দটি ধর্মীয় মর্যাদায় আঘাত দেয়। খুব স্বাভাবিকভাবেই তাই সেটের সাইনবোর্ডে বার শব্দটি দেখে ক্ষুব্ধ হন স্থানীয়রা। যদিও এই গোটা ঘটনাটিতে ইমরান হাশমি তরফ থেকে প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রসঙ্গত, আগামী দিনে ইমরানের দুটি ছবি মুক্তি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। একটি ‘আওয়াপান ২’, অন্যটি ‘জি ২’। কিছুদিন আগেই ‘আওয়ারাপান ২’ ছবি নির্মাতারা জানিয়েছেন যে এই ছবিটি আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে। তবে অন্য ছবিটি কবে মুক্তি পাবে সেটা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, কিছু মাস আগে ‘আওয়ারাপান ২’ ছবির শুটিং চলাকালীন পেটের পেশি ছিঁড়েছে ইমরান হাশমির, যার ফলে শরীরের অভ্যন্তরীণ অংশে রক্তপাত শুরু হয়। তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে অপারেশন করা হয়। রাজস্থানের পর এবার হরিদ্বারে শুটিং করতে গিয়ে আবারও সমস্যায় পড়লেন ইমরান।
