Ex-Bangladesh Air Force Officer Death। হাসিনার ভারতে ‘পালানোর’ ভিডিও করেন?মিলল বায়ুসেনার প্রাক্তনীর দেহ

Spread the love

Ex-Bangladesh Air Force Officer Death: শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়েছিলেন, সেইসময় তাঁর নাম নিয়ে হইচই হয়েছিল। একটি মহলের তরফে দাবি করা হয়েছিল, বাংলাদেশ ছেড়ে ‘পালানোর’ সময় ২০২৪ সালের ৫ অগস্ট হাসিনার যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল, তা নাকি তুলেছিলেন ওই ব্যক্তি। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিলেন নিজেই। বাংলাদেশ বায়ুসেনার সেই প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃতদেহ উদ্ধার করা হল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি নদ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বুধবার বিকেলের দিকে তাঁর উদ্ধার করা হয় দেহ।

কোনও আঘাতের চিহ্ন মেলেনি দেহে, ময়নাতদন্ত হচ্ছে

তবে কীভাবে বাংলাদেশ বায়ুসেনার সেই প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। নৌ পুলিশের তরফে জানানো হয়েছে, বাহ্যিকভাবে প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট সাউরির দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে হাসপাতালে।

অবসরের সময়ও বিতর্ক হয়েছিল প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্টকে ঘিরে

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঢাকার উত্তরায় পরিবারের সঙ্গে থাকতেন বাংলাদেশ বায়ুসেনার প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট সাউরি। বয়স হয়েছিল মাত্র ২৮। গত বছরই বাংলাদেশ বায়ুসেনা থেকে ‘অবসর’ নিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট (প্রাক্তন) সাউরি। যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, তাঁর অবসরের আবহেই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগসূত্রের অভিযোগে নাকি দু’জন অফিসারকে অবসরে পাঠানো হচ্ছে।

যাবতীয় রিপোর্ট উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ

যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ বায়ুসেনা। গত বছর অগস্টে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের তরফে দাবি করা হয়েছিল, বাংলাদেশ বায়ুসেনার যে আইন এবং নীতি আছে, সেটা মেনেই উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করে অবসর নিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট (প্রাক্তন) সাউরি। সঙ্গে আরও একজন অফিসারও অবসর নিয়েছিলেন বায়ুসেনা থেকে।

 

এমনিতে দেশজুড়ে আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ত্যাগ করেছিলেন হাসিনা। তারপর ভারতে চলে এসেছিলেন। রিপোর্ট অনুযায়ী, ভারতের আকাশসীমায় হাসিনার বিমান প্রবেশের পরে রাফাল যুদ্ধবিমান নজরে রেখেছিল। পুরো বিষয়ের উপরে নজর ছিল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Leave a Reply