FIFA World Cup Brazil Vs Norway। হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

Spread the love

FIFA WC Brazil Vs Norway: ২০২৬ ফুটবল বিশ্বকাপে বড় অঘটনের সাক্ষী থাকল ফুটবলপ্রেমীরা। তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল নরওয়ে। একই সঙ্গে ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ আটে উঠতে ব্যর্থ হল ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তৃতীয় মিনিটেই প্যাট্রিক বার্গ বল জালে জড়িয়েছিলেন। তবে ভিএআরের সাহায্যে দেখা যায়, আক্রমণের শুরুতে অফসাইড ছিল। ফলে গোল বাতিল হয়ে যায়।

এরপর প্রথমার্ধে বড় সুযোগ পায় ব্রাজিল। বক্সের মধ্যে মাতেউস কুনিয়াকে ফাউল করেন নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আজের। প্রথমে রেফারি পেনাল্টি না দিলেও ভিএআরের পর সিদ্ধান্ত বদলান। স্পট-কিক নিতে আসেন ব্রুনো গিমারাইস। কিন্তু তাঁর শট অসাধারণ দক্ষতায় বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন নরওয়ের গোলরক্ষক অরলান নিয়ল্যান্ড।

এরপরও একাধিকবার ব্রাজিলকে হতাশ করেন নিয়ল্যান্ড। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ভিনিসিয়ুস জুনিয়র এবং ব্রুনো গিমারাইসের নিশ্চিত গোলের সুযোগ দুর্দান্ত সেভ করে নষ্ট করে দেন তিনি। অন্যদিকে নরওয়ের হয়ে মার্টিন ওডেগার্ডও একটি ভালো সুযোগ পেলেও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন তা আটকে দেন। দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তি পরিবর্ত হিসেবে এন্ড্রিককে নামান। পরে মাঠে আসেন নেইমারও। ব্রাজিল আক্রমণের ঝাঁজ বাড়ালেও গোলের দেখা পায়নি। বরং ৭৯ মিনিটে প্রথম গোল করে নরওয়ে। আন্দ্রেয়াস শেলদেরুপের বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসে গ্যাব্রিয়েল মাগালহায়েসকে টপকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান আর্লিং হালান্ড।

গোল খাওয়ার পর মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে আবারও প্রাচীর হয়ে দাঁড়ান নিয়ল্যান্ড। এমনকি নিজের সতীর্থের ডিফ্লেকশনে গোল হতে পারত, সেটিও অবিশ্বাস্য ফিঙ্গারটিপ সেভে বাঁচিয়ে দেন তিনি। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে ম্যাচে শেষ পেরেকটি ঠুকে দেন হালান্ড। বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে অ্যালিসনকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন তিনি। যোগ করা সময়ের দশম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। কিন্তু তাতে আর ম্যাচের ফল বদলায়নি।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক মেক্সিকো অথবা ইংল্যান্ড। আগামী ১১ জুলাই মায়ামিতে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে পৌঁছে দিয়েছেন হালান্ড। ফলে গোলদাতার তালিকায় তিনি লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপের সাথে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে ৩৬ বছর পর আবারও শেষ ষোলো থেকেই বিশ্বকাপ অভিযান শেষ হল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *