Govinda Daughter। ‘আমি তো আর সাধু নই!’ বাবা-মা’র ডিভোর্স চর্চা

Spread the love

বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দার দাম্পত্য কলহ মাস কয়েক ধরেই চর্চায়। স্ত্রী সুনীতা আহুজা প্রকাশ্যে নায়কের পরকীয়া নিয়ে মন্তব্য় করেছেন, বারংবার তাঁদের ডিভোর্সের গুঞ্জন সংবাদ শিরোনামে উঠে এসেছে। নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০২৬ সাল— যুগের পর যুগ ধরে এই তারকা দম্পতির সম্পর্ক ভাঙা-মুখরোচক খবর পেজ থ্রি-র পাতা ভরালেও তারকা দম্পতির দুই সন্তান মারাত্মকভাবে প্রভাবিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অন্তহীন গুঞ্জন ও বিবাহবিচ্ছেদের ভুয়ো খবর নিয়ে নিজের ক্ষোভ ও কষ্ট উগরে দিলেন গোবিন্দা-কন্যা টিনা আহুজা (Tina Ahuja)। মা সুনীতার সাম্প্রতিক কিছু বিস্ফোরক মন্তব্য এবং বাবার ‘পরকীয়া’ বিতর্ক নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।

‘আমি কোনও সাধু-সন্ত নই যে গায়ে লাগবে না’— টিনা আহুজা

‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে টিনা জানান, ছোটবেলা থেকেই তিনি মা-বাবার সম্পর্ক নিয়ে নানারকম নোংরা রটনা দেখে বড় হয়েছেন। প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে এই গসিপের ধরনও বদলেছে।

টিনার কথায়, ‘আমি এই জিনিসটা একদম ছোটবেলা থেকে দেখে আসছি। প্রতি দশকে এদের কাছে একটা নতুন গল্প থাকে। আগে এগুলো ম্যাগাজিনে ছাপা হতো, তারপর ইন্টারনেটে এলো, আর এখন তো ইনস্টাগ্রাম আর ইউটিউবের দুনিয়া। দেখুন, আমিও তো একজন রক্তমাংসের মানুষ। স্বাভাবিকভাবেই খুব খারাপ লাগে যখন দেখি যে খবরের বিন্দুমাত্র সত্যতা নেই, সেটাকেই দিনের পর দিন টেনেহিঁচড়ে বড় করা হচ্ছে এবং অতিরঞ্জিত করা হচ্ছে’।

ক্লিকবেট খবরের সমালোচনা করে টিনা আরও যোগ করেন, ‘আমি তো আর কোনও সাধু নই যে এসবে আমার কিছু যাবে-আসবে না। এটা মানসিকভাবে অবশ্যই ডিস্টার্বিং। কিন্তু এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে টিকতে হলে গায়ের চামড়া মোটা করতে হয়। যখন আপনি আপনার পরিবারের আসল সত্যিটা জানেন, তখন এসবের বিরুদ্ধে প্রতিক্রিয়া না জানিয়ে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াই বুদ্ধিমানের কাজ।’

‘কোমল’ বিতর্ক এবং গোবিন্দার সাফাই

গোবিন্দ ও সুনীতার সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন নতুন করে দানা বাঁধে যখন একটি পুরনো সাক্ষাৎকারে সুনীতা নাম না করে গোবিন্দের বিরুদ্ধে পরকীয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সুনীতা রাগ প্রকাশ করে বলেছিলেন যে তিনি ‘কোমল’ নামটি চরম ঘৃণা করেন এবং এটি তাঁর জীবনে সমস্যা তৈরি করেছে। নেটিজেনরা ধরে নেন, গোবিন্দ হয়তো এই নামের কোনও নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন।

পরবর্তীতে এই বিষয়ে মুখ খোলেন স্বয়ং গোবিন্দা। সংবাদসংস্থা এএনআই (ANI)-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরকীয়ার দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘আমার কোনও হিরোইন বলতে পারবে না যে আমি কখনও কারও সাথে অভব্য আচরণ করেছি। সুনীতা যে ‘কোমল’-এর নাম নিচ্ছে, আমি তাঁর প্রতি কৃতজ্ঞ যে তিনি আজও চুপ আছেন এবং একটা শব্দও বলেননি। আজকের যুগের মেয়ে হলে পরিস্থিতি অন্যরকম হতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *