Howrah and Bally Developement Projects।৪,৭০০ কোটি টাকার কাজ হবে হাওড়া ও বালিতে

Spread the love

Howrah and Bally Developement Projects: হাওড়াকে জলযন্ত্রণা থেকে নিষ্কৃতি দিতে ৪,৭০০ কোটি টাকার প্রকল্পের কাজ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, যাতে জল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, সেজন্য হাওড়া এবং বালিতে পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। ঢেলে সাজাতে হবে পুর-পরিকাঠামো। সেজন্য দু’দফায় কাজ করা হবে। প্রথম দফায় সেপ্টেম্বর থেকে শুরু হবে কাজ। তখন ৪৭০ কোটি টাকার মতো খরচ করা হবে। তারপর বাকি কাজ শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে। যা ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে সূত্রের খবর।

প্রথম দফায় কী কী কাজ করা হবে হাওড়া ও বালিতে?

হাওড়া পুরনিগম সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে প্রথম দফার যে কাজ শুরু করা হবে, সেটার জন্য ইতিমধ্যে যৌথভাবে খসড়া পরিকল্পনা তৈরি করেছেন পুরনিগম কর্তৃপক্ষ এবং হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের ইঞ্জিনিয়াররা। আপাতত ঠিক হয়েছে যে প্রথম দফায় রাস্তার গর্ত ভরাট, রাস্তা সারাই করা, নীচু এলাকায় রাস্তা উঁচু করা, ড্রেন পরিষ্কারের মতো কাজ করা হবে। অর্থাৎ পুজোর আগেই প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।

দ্বিতীয় দফায় কী কী কাজ করা হবে?

তারপর নয়া বছরের শুরু থেকে বড় দীর্ঘমেয়াদী কাজে দেওয়া হবে। পুরনিগম সূত্রে খবর, সেইসময় হাওড়া এবং বালির মানুষকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যে স্থায়ী সমাধান প্রয়োজন, সেই কাজ করবে রাজ্য সরকার। চওড়া করা হবে রাস্তা। নিকাশি ব্যবস্থা আরও ভালো করা হবে। গড়ে তোলা হবে আধুনিক নিকাশি ব্যবস্থা। হাওড়ার জল যাতে একাধিক সংশোধনগারের মাধ্যমে হুগলি নদীতে চলে যায়, সেই পদক্ষেপও করা হবে বলে সূত্রের খবর।

দ্বিতীয় দফার কাজের জন্য IIEST শিবপুরের পরামর্শ

আর দ্বিতীয় দফার সেই কাজের জন্য শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির (IIEST) বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হবে। হাওড়া পুরনিগম সূত্রে খবর, IIEST বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (KMDA) ইঞ্জিনিয়ারিরা। আর ভিত্তিতেই কাজ করা হবে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *