শুধুমাত্র টিভির পর্দায় শুধু নয়,সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিগ বস বাংলা সিজন ৩। পেজ স্ক্রল করলেই এখন আসতে থাকছে বিগ বসের ক্লিপিংস।আর তাতে ভিউয়ারসের সংখ্যা নেহাতই কম নয়। লাইক,কমেন্ট,শেয়ার হচ্ছে লক্ষ লক্ষ।একদম যেন টানটান উত্তেজনা দর্শক থেকে নেটিজেনদের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফিরে আসা বিগ বস বাংলা‘ সিজন ৩’, যা প্রযোজনা করছে Banijay Asia (পূর্বতন Endemol Shine India), শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। ঘরের প্রথম ক্যাপ্টেন নির্বাচন ঘিরে যে টানটান নাটক তৈরি হয়েছে, তা এখন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে সমান আলোচনার বিষয়।
হাউসমেটদের ভোটে ঘরের প্রথম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন অভিনেতা ভারত কৌল। তাঁর পাশাপাশি ক্যাপ্টেন পদের দৌড়ে ছিলেন সোনামণি সাহা, সৃজলা গুহ, মোনামি ঘোষ, সায়ক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাস। শো-এর নিয়ম অনুযায়ী কেউ নিজেকে ভোট দিতে পারেননি— ফলে ভোট জোগাড় করতে গিয়েই প্রথম সংঘাত তৈরি হয় ঘরে।
ভোটের প্রক্রিয়াতেই প্রথম উত্তেজনা
নন্দিনী যখন নিজের যোগ্যতা নিয়ে অন্য প্রতিযোগীদের বোঝাচ্ছিলেন, তখন হঠাৎ সোফা ছেড়ে ওঠেন ভারত। মোনামি সঙ্গে সঙ্গে আপত্তি জানান, কারও বক্তব্য চলাকালীন মাঝপথে ওঠা ঠিক নয়।
এরপর সায়ক যখন নিজের ভোট নিয়ে ভাবছিলেন, তখন শ্রীজলা তাঁর সঙ্গে কথা বলা শুরু করেন। মোনামি অভিযোগ তোলেন, শ্রীজলা সায়ককে ‘প্রভাবিত’ করার চেষ্টা করছেন— যা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

‘আপনার নেতৃত্ব মানব না’ — সরাসরি চ্যালেঞ্জ তনুশ্রীর
ভারতের ক্যাপ্টেন হওয়া নিয়ে বিতর্ক থামেনি সেখানেই। প্রকাশিত একটি প্রোমোয় দেখা যায়, প্রকাশ্যেই ভারতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তনুশ্রী।
তনুশ্রীকে বলতে শোনা যায়— “আপনি একজন খারাপ মানুষ। যে নিজের ভাষার উপরেও নিয়ন্ত্রণ রাখতে পারেন না, সে কীভাবে ক্যাপ্টেন হতে পারে? আমি আপনার কর্তৃত্ব মানব না। পুরো মেয়াদে আমি আপনাকে ক্যাপ্টেন বলে মানবই না।”
তনুশ্রীর এই মন্তব্যের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ জানাতে দেখা যায় ভারতকেও। অর্থাৎ, ক্যাপ্টেন হওয়ার আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ভারতের জন্য— ঘরের ভিতরেই তাঁকে সামলাতে হচ্ছে একের পর এক চ্যালেঞ্জ।
সবার নজর এখন ঘরের সমীকরণে
ক্যাপ্টেন্সি নিয়ে প্রকাশ্য সংঘাত প্রমাণ করে দিচ্ছে— এই সিজনে ঘরের রাজনীতি সহজ হতে চলেছে না। দর্শকরা শুধু এপিসোড দেখছেন না, ভারত ও তনুশ্রীর সংঘাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামতও জানাচ্ছেন সমান উৎসাহে।
আজ রাতের নতুন এপিসোডেও এই সংঘাতের রেশ কতটা গড়ায়, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

ঘরে এখন কে কে?
ভারত কৌল ছাড়াও এই মুহূর্তে বিগ বসের ঘরে রয়েছেন—
অনিন্দ্য সেনগুপ্ত
আলেক্সান্দ্রা টেলর
নিরঞ্জন মণ্ডল
ঝিলম গুপ্ত
সোহিনী পাল
জয়িতা চট্টোপাধ্যায়
দীপেন্দু বিশ্বাস
দুর্নিবার সাহা
সোনামণি সাহা
সৃজলা গুহ
মোনামি ঘোষ
সায়ক চক্রবর্তী
নন্দিনী দত্ত
তনুশ্রী রায় দাস

কোথায়, কখন দেখবেন?
‘বিগ বস বাংলা সিজন ৩’ প্রতিদিন রাত ৯:৩০টায় সম্প্রচারিত হচ্ছে Star Jalsha-য়, পাশাপাশি JioHotstar-এ স্ট্রিমিং হচ্ছে। JioHotstar অ্যাপে রয়েছে ঘরের এক্সক্লুসিভ ২৪x৭ লাইভ ফিড— অর্থাৎ এপিসোড শেষ হলেও দর্শকরা যে কোনও সময় ঘরের ভিতরের মুহূর্তের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
প্রশ্ন একটাই— ভারত কি পারবেন নিজের কর্তৃত্ব প্রমাণ করতে, নাকি তনুশ্রীর চ্যালেঞ্জই ঘরের সমীকরণ বদলে দেবে?
