I Love Muhammad Row। ‘আই লাভ মহম্মদ’ বিতর্কের জেরে বরেলির পর সম্বল-মিরাট-সাহারানপুরে হাই অ্যালার্ট

Spread the love

উত্তরপ্রদেশের অনেক শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আই লাভ মহম্মদ বিতর্কের কারণে অনেক জায়গায় বিক্ষোভ ও হট্টগোল হয়েছিল সম্প্রতি। এদিকে আজ জুমার নমাজের জন্য প্রশাসন ও পুলিশ তাই বাড়তি সতর্ক। স্পর্শকাতর এলাকায় হাই অ্যালার্ট জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরেলিতে পুলিশ মোতায়েন বাড়ানো। এছাড়া সম্বল, সাহারানপুর এবং মিরাট সহ পশ্চিম উত্তরপ্রদেশের অনেক শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বরেলিতে ২ অক্টোবর বিকেল ৩টে থেকে ৪ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত ইন্টারনেট, ব্রডব্যান্ড এবং এসএমএস পরিষেবা স্থগিত করা হয়েছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর বরেলিতে সহিংসতার ঘটনা ঘটেছিল। এই কারণেই আজ বরেলি, শাহজাহানপুর, পিলিভিট এবং বাদাউনে উচ্চ সতর্কতা জারি করে রেখেছে পুলিশ। এহেন পরিস্থিতিতে শুক্রবার নমাজের পর শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরার আহ্বান জানিয়েছেন বরেলির আলা হজরত দরগার সবচেয়ে প্রবীণ আলেম।

উল্লেখ্য, ‘আই লাভ মহম্মদ’ পোস্টার ঘিরে উত্তেজনা এবং দুর্গাপুজো ও দশেরা উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখতে উত্তরপ্রদেশের বরেলি বিভাগে গতকাল থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে প্রশাসন। জেলা প্রশাসন জানায়, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে গুজব রটানো ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই শান্তি বজায় রাখতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বরেলির ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এছাড়াও, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ ছাড়াও, প্রভিনশিয়াল আর্মড কনস্ট্যাবুলারি ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় ড্রোন ব্যবহার করে টহল এবং নজরদারি চালাচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার নমাজের পর শহরের কোতওয়ালি থানার কাছে একটি মসজিদের বাইরে প্রায় ২০০০ মানুষ বিক্ষোভে জড়ো হয়েছিলেন। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়, চলে ইটবৃষ্টি। ‘আই লাভ মহম্মদ’ পোস্টার বিতর্কের প্রতিবাদে ওই বিক্ষোভের আহ্বান করেছিলেন মৌলানা তৌকির খান। সেই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের একাংশের সম্পত্তিও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এরমধ্যেই বুধবার রাতে সিবি গঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এক আধিকারিক বলেন, দুজনেই গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁরা পুলিশের হেফাজতেই রয়েছে। এছাড়াও তৌকির রাজা খান, তাঁর সহযোগীরা এবং এক নিকটাত্মীয়কেও ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মোট ১০টি এফআইআর দায়ের হয়েছে অশান্তির ঘটনায়। অশান্তি রুখতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অশান্তিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *