Imran Khan issue। জেলবন্দি ইমরান নিয়ে সরব কামিন্সও! চোখে জল নিয়ে সতীর্থ মিয়াঁদাদ খুললেন মুখ

Spread the love

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তারকা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই ভারতের প্রাক্তন ক্রিকেটার, সুনীল গাভস্কার, কপিল দেব সহ বিশ্বের একাধিক দলের ক্রিকেট অধিনায়করা সরব হয়ে ইমরান ইস্যুতে এক চিঠি পাঠিয়েছেন পাকিস্তান সরকারকে। সেই চিঠির উদ্যোগ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেল। সেই উদ্যোগে এবার শামিল হয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সও। এদিকে, পাকিস্তানে ইমরানের এককালের সতীর্থ প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদও চোখে জল নিয়ে সরব হয়েছেন!

সদ্য লর্ডসের রাইটার্স রুমে ইমরান খানের পুত্র কাশেম ও সুলেমান, ইমরানের খানের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন এক সাক্ষারকারে। কাশেম বলেন, ‘শেষবার যখন তিনি আমাদের পিসিদের বা অন্য কারও সাথে কথা বলতে পেরেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে সাম্প্রতিক সময়ে সেখানকার পরিস্থিতি মারাত্মকভাবে খারাপ হয়েছে। তিনি কারাগারের ভেতরে নিহত বা মৃত্যুবরণকারী অন্যান্য রাজনৈতিক বন্দিদের পরিস্থিতির সাথে বর্তমান অবস্থার তুলনা করছিলেন। পরিস্থিতি এখন আগের চেয়েও ভয়াবহ; তাঁকে দিনের ২৩ ঘণ্টারও বেশি সময় একটি কক্ষে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে।’ বর্তমান পাকিস্তান সরকারকে দুষে কাশেম বলেন, ‘তারা আসলে কী করছে তা খুব একটা স্পষ্ট নয়, তবে তারা যে প্রকাশ্যেই তাকে সেখানে মেরে ফেলার চেষ্টা করছে, তা বোঝা যাচ্ছে। তারা তাকে যথাসম্ভব দীর্ঘ সময় আটকে রেখে তার কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়।’

স্কাই স্পোর্টসে সম্প্রচারিত এই সাক্ষাৎকার ঝড় তুলতে থাকে! এরপর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ইমরান খানের সতীর্থ জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানেরই এক পডকাস্টে ইমরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি। মিয়াঁদাদ ইমরান সম্পর্কে বলেন, ‘সে একজন সৎ মানুষ। সে দুর্নীতিতে জড়িত নয়, নইলে সে অনেক কিছুই করত। তাকে ছেড়ে দিলে কী হবে? সে কি কাউকে খেয়ে ফেলবে বা ক্ষতি করবে? সেও তো কারো ছেলে। আমি সবসময় ভাবি সে কী করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *