India-Brazil Talks on Akash Missile: ভারতের আকাশ ক্ষেপণাস্ত্র কেনার জন্য রাজনাথের সঙ্গে আলোচনা ব্রাজিলের

Spread the love

মে মাসে অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব ভারতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি দেখেছে। এই সময়ে ভারতে তৈরি আকাশ মিসাইলের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই কারণেই বিশ্বের অনেক দেশ আকাশ ক্ষেপণাস্ত্রের ভক্ত হয়ে উঠেছে এবং সেগুলি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এখন সেই তালিকায় যুক্ত হল ব্রিকসের অন্যতম অংশীদার ব্রাজিলের নামও। রিপোর্টে জানা গিয়েছে, শীঘ্রই ব্রাজিলে আকাশ ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। এর জন্য দুই দেশের মধ্যে একটি বড় মাপের প্রতিরক্ষা রফতানি চুক্তির প্রস্তুতিও চলছে।

নিউজ১৮-এর প্রতিবেদন অনুসারে, রাজনাথ সিং এই নিয়ে কথা বলেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে। সেই বৈঠকে ব্রাজিল এই আকাশ মিসাইল সিস্টেম কেনার জন্য বিশেষ আগ্রহ দেখিয়েছে এবং দুই দেশ এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে সামরিক সমঝোতার সম্ভাবনা আরও বেড়ে গেছে। এই চুক্তির ফলে দুই ব্রিকস অংশীদার দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। তেমনই, এই চুক্তি ভারতের প্রতিরক্ষায় আত্মনির্ভরতার জন্য একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর ফলে, গ্লোবাল সাউথএর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। এর পাশাপাশি বিশ্বস্ত আন্তর্জাতিক প্রতিরক্ষা রফতানিকারক দেশ হিসেবে ভারতের পরিচিতি আরও বাড়বে।

আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেম কি? উল্লেখ্য, ডিআরডিও ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে। এর উদ্দেশ্য হল যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং হেলিকপ্টারের মতো হুমকিকে খতম করে দেওয়া। এটি একটি সম্পূর্ণ মোবাইল সিস্টেম অর্থাৎ এটি যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। একই সঙ্গে একাধিক টার্গেটে হামলা চালাতে পারবে এই মিসাইল সিস্টেম। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, অপারেশন সিঁদুরের সময় আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত পাকিস্তানের ড্রোন হামলা ভেস্তে দিয়েছিল। এই যুদ্ধ-পরীক্ষিত সিস্টেমটি কেনার জন্য ইতিমধ্যেই ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বেশ কিছু দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *