India’s AI Fighter Jet। পাইলট ছাড়াই উড়বে ভারতের ‘প্রথম ফাইটার জেট’

Spread the love

India’s AI Fighter Jet: কোনও পাইলট ছাড়াই উড়বে ফাইটার জেট – ভারতীয় ডিফেন্স স্টার্টআপ ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস (FWDA) প্রকাশ করল ‘FWD Supreme Lite’-এর প্রথম ঝলক। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত এই যুদ্ধবিমানটি ডিজিটাল ডিজাইন এবং কনসেপ্ট ডেভেলপমেন্টের স্তর অতিক্রম করে এখন সরাসরি ভৌত পরীক্ষা-নিরীক্ষা ও টেস্টবেডের স্তরে পৌঁছে গিয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে বেঙ্গালুরুর কেন্দ্রে সেটি ডিজাইন ও তৈরি করা হচ্ছে। প্রথাগত ড্রোন বা মানুষ দ্বারা চালিত যুদ্ধবিমানের থেকে এটি অনেকটাই আলাদা। এতে কোনও পাইলটের প্রয়োজন হবে না; যুদ্ধবিমানটি নিজে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সিদ্ধান্ত নিতে, প্রতিপক্ষের গতিবিধি বিশ্লেষণ করতে এবং যুদ্ধক্ষেত্রে মিশন পরিচালনা করতে সক্ষম।

‘মোবিং ডকট্রিন’ তত্ত্ব

ওই মহলের তরফে দাবি করা হয়েছে, আকাশযুদ্ধের ক্ষেত্রে এক বিপ্লব আনার লক্ষ্যে ফ্লাইং ওয়েজ ডিফেন্স নিজস্ব ‘মোবিং ডকট্রিন’ তত্ত্ব নিয়ে এসেছে। প্রথাগত সামরিক কৌশলে বিপুল অর্থ ব্যয় করে খুব কমসংখ্যক বহুমূল্য যুদ্ধবিমান কেনা হয়। কিন্তু মোবিং ডকট্রিন সেই মডেলকে চ্যালেঞ্জ করে।

শত্রুপক্ষের দিকে ছুটে যাবে ‘ঝাঁকে ঝাঁকে’

এই নীতি অনুসারে, শত্রুঘাঁটির দিকে একসঙ্গে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফাইটার জেটের ‘ঝাঁক’ ছুটে যাবে। এর ফলে কম খরচে প্রতিপক্ষের ওপর অভূতপূর্ব মনস্তাত্ত্বিক, কৌশলগত ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে। কোনও সামরিক অভিযানে যদি চার-পাঁচটি AI বিমান চলেও যায়, তবুও বাকি বিমানগুলো প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে এবং শত্রুপক্ষের মানুষচালিত যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করতে পারবে।

ভবিষ্যতের যুদ্ধ নিয়ন্ত্রিত হবে AI ফাইটার জেট দিয়ে

ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা সুহাস তেজস্কন্দ এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘বর্তমান যুদ্ধক্ষেত্র দিন দিন আরও বেশি স্বায়ত্তশাসন ও কৌশলগত ঐক্যের দিকে এগিয়ে চলেছে। আগামিদিনে ভবিষ্যতের যুদ্ধ নিয়ন্ত্রিত হবে তাদের দ্বারাই, যাদের হাতে সেরা অ্যালগরিদম থাকবে। মোবিং ডকট্রিনের মূল লক্ষ্যই হল AI-কে কাজে লাগিয়ে বিপুলসংখ্যক যুদ্ধবিমানকে একটি একক সমন্বিত শক্তি হিসেবে পরিচালনা করা।’

সেইসঙ্গে তিনি বলেন, ‘FWD Supreme Lite হল আমাদের সেই ডিজিটাল ভাবনাকে বাস্তব বিমানে রূপ দেওয়ার প্রথম সুযোগ। বিশ্বজুড়ে যখন AI চালিত ফাইটার জেটের নতুন যুগ শুরু হচ্ছে, তখন ভারত কেবল দর্শক হয়ে থাকবে না, বরং আমরা এই পরিবর্তনের অন্যতম কারিগর হব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *