ISKCON Mid Day Meal for Kolkata Schools। স্কুলের খাবারে থাকবে ইসকনের ছোঁয়া

Spread the love

ISKCON Mid Day Meal for Kolkata Schools: কলকাতার স্কুলে মিড ডে মিল দেওয়ার জন্য ইসকনের সহযোগিতা নেওয়া হবে। সোমবার রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, কলকাতা পুরনিগম এলাকার স্কুলে পড়ুয়াদের আরও পুষ্টিকর খাবার (মিড ডে মিল) সরবরাহ করার জন্য ইসকনের সহযোগিতা নেওয়া হবে। সেইসঙ্গে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রাথমিক স্কুলে মিড ডে মিলের জন্য মাথাপিছু ১০ টাকা দেওয়া হবে। অর্থাৎ দৈনিক বরাদ্দ ১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সিদ্ধান্তের প্রশংসা করেছেন রাজ্যের শিক্ষক মহল। ওই মহলের মতে, সেই সিদ্ধান্তের ফলে পড়ুয়ারা আরও পুষ্টিকর খাবার পাবে। আগামিদিনে প্রাথমিক স্কুলের পাশাপাশি উচ্চ প্রাথমিক স্কুলেও (অষ্টম শ্রেণি পর্যন্ত) যাতে বরাদ্দ বাড়ানো হয়, সেই আর্জি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘প্রাথমিকে মিড ডে মিলে প্রতিটি শিশুর জন্য ১০ টাকা বরাদ্দ হল। এটা বেশ ভালো সিদ্ধান্ত। আপার প্রাইমারিতেও বৃদ্ধি করা হোক।’

রান্নাকর্মীদের মাসিক সাম্মানিক বাড়ানো হচ্ছে

তারইমধ্যে প্রাথমিক স্কুলে যাঁরা রান্নাকর্মীদের সাম্মানিক বাড়ানোর ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘কুক কাম হেল্পার’ বা রান্নাকর্মীদের মাসিক সাম্মানিক বৃদ্ধি পাচ্ছে ১,০০০ টাকা। পাশাপাশি স্কুলেও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার জোর দেওয়া হয়েছে। পড়ুয়ারা যাতে বিশুদ্ধ পানীয় জল পায়, স্কুলে ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করা হয়, প্রতিটি প্রাথমিক স্কুলে পাখা বসানোর মতো বিষয়গুলির উপরে গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী।

 

রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি

সেইসবের মধ্যেই এবার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের বড় সুখবর দেওয়া হয়েছে। একলপ্তে ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আপাতত তাঁরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। যা পুজোর মাস থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়ে যাবে।

জুলাই থেকেই বর্ধিত DA কার্যকর করার দাবি

আর তারপর উচ্ছ্বসিত হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে কয়েকটি দাবিও তুলে ধরেছেন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেছেন, ‘দীর্ঘদিনের বঞ্চনা দূর করে আপাতত ২০ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করার জন্য আমরা সরকারকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু তা কোনওভাবেই অক্টোবর মাস থেকে নয়, আগামী জুলাই মাস থেকে তা কার্যকর করা হোক। কারণ বঞ্চনা দীর্ঘদিনের। বাকি সমস্ত বকেয়া দ্রুত মেটানো হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *