ISKCON on Mid Day Meal Egg। মিড ডে মিলে কি সত্যিই ডিম থাকবে না?

Spread the love

ISKCON on Mid Day Meal Egg: ইসকনের দেওয়া মিড ডে মিলে কি ডিম থাকবে? ইসকন মিড ডে মিল দিলে কি মেনু থেকে ডিম বাদ পড়বে? সোমবার রাজ্য বাজেটে যখন থেকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন যে কলকাতার স্কুলে মিড ডে মিল প্রদানের ক্ষেত্রে ইসকনের সহযোগিতা নেওয়া হবে, তখন থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দাবি ছড়িয়ে পড়েছে। তা নিয়ে অবশেষে মুখ খুলল ইসকন কর্তৃপক্ষ। ইসকনের তরফে জানানো হয়েছে, কলকাতার স্কুলের মিড ডে মিলের মেনুতে কী থাকবে, এখনও চূড়ান্ত করা হয়নি। এখন সোশ্যাল মিডিয়ায় যে সব মেনু ঘুরে বেড়াচ্ছে, তা সঠিক নয়।

এখনও চূড়ান্ত হয়নি মেনু, দাবি করল ইসকন কর্তৃপক্ষ

বিষয়টি নিয়ে কলকাতা ইসকনের সহ-সভাপতি ও মুখপাত্র রাধারমণ দাস বলেছেন, ‘আমি দেখছি যে কলকাতায় মিড ডে মিলের প্রস্তাবিত মেনু নিয়ে একটি তালিকা ছড়াচ্ছেন কেউ-কেউ। তবে আমি স্পষ্ট করে দিতে চাই যে এরকম কোনও মেনু চূড়ান্ত করা হয়নি। আর ওই তালিকা প্রকাশ করিনি আমরা। যখনই মেনু ঠিক করে ফেলা হবে, তখনই সরকারিভাবে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। (ততক্ষণ) ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।’

‘ভুয়ো’ মেনুতে কী কী বলা হয়েছিল?

যে তালিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ইসকন কলকাতার সহ-সভাপতি তথা মুখপাত্র, তাতে দাবি করা হয়েছিল যে সোমবার মিড ডে মিলের মেনুতে থাকবে ভাত এবং সয়াবিন। মঙ্গলবার থাকবে ভাত, ডাল এবং আলু চোখা। বুধবার পোলাও এবং মটর পনির দেওয়া হবে পড়ুয়াদের। বৃহস্পতিবার থাকবে ভাত এবং কুমড়ো চানা। শুক্রবার ভাত এবং মিক্সড ভেজিটবল বা কাবুলি চানা থাকবে। আর শনিবার দেওয়া হবে খিচুড়ি এবং পাপড় বা মিষ্টি।

ডিম না দেওয়ারই ইঙ্গিত?

তারইমধ্যে ডিম নিয়ে একটি ‘বিভ্রান্তিকর’ ধারণা নিয়েও মুখ খুলেছেন ইসকন কলকাতার সহ-সভাপতি। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন যে ‘একটা সাধারণ ভ্রান্ত ধারণা আছে যে ডিমেই শুধু প্রচুর প্রোটিন থাকে। আর নিরামিষাশী খাবারে প্রোটিনের অভাব থাকে। সয়াবনি, রাজমা, পনির, বিনস এবং ডালেও একইরকমের উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন থাকে। আমাদের মেনু ঠিক করার জন্য নির্দিষ্ট ডায়েটিশিয়ান আছেন। আমরা নিশ্চিত করব, ডিম থেকে শিশুরা যে পুষ্টি পায়, সেরকমই বা তার থেকে বেশি প্রোটিন এবং ভিটামিন যাতে আমাদের খাবারে পায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *