করণ জোহরের তুমুল জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর আগামী পর্বে সহ-অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘সানি সংস্কৃতি কি তুলসি কুমারী’ ছবির প্রচারে এসে নিজের প্রেম জীবন এবং প্রেমিক শিখর পাহাড়িয়া-র সঙ্গে নিজের গভীর রসায়ন নিয়ে প্রথমবার খোলামেলা কথা বললেন শ্রীদেবী-কন্যা। বিয়ের আগে যেখানে প্রেমে সিলমোহর দিতে ভয় পান নায়িকারা, সেখানে জাহ্ণবী উলটো পথের পথিক। শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের প্রেম জীবন গোপন রাখেননি অভিনেত্রী।
শ্রীদেবীর প্রয়াণের পর শিখরের নিঃশব্দ সমর্থন:
২০১৮ সালে দুবাইয়ের সাততারা হোটেলের বাথটাবে ডুবে মা শ্রীদেবীর আচমকা প্রয়াণে যখন জাহ্নবী ও তাঁর পরিবার ভেঙে পড়েছিল, ঠিক সেই কঠিন সময়ে শিখর কীভাবে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছিলেন, সেই স্মৃতি রোমন্থন করেন জাহ্নবী।
জাহ্নবী জানান, ২০১৮ সালে যখন এই মর্মান্তিক ঘটনা ঘটে, শিখর তখন লন্ডনে পড়াশোনা করছিলেন। খবর পাওয়া মাত্রই শিখর তাঁর সেমিস্টার মাঝপথে থামিয়ে মুম্বই চলে আসেন।
জাহ্নবী আরও বলেন, ‘শিখর তখন দক্ষিণ মুম্বইয়ে ওর বাবার সঙ্গে থাকত। কিন্তু আমি পরে জানতে পারি, ও জুহুতে ওর বন্ধুর বাড়িতে প্রায় এক মাস ছিল। এমন নয় যে আমি ওর সঙ্গে প্রতিদিন দেখা করতাম, কিন্তু ও শুধু চেয়েছিল— যদি কোনো প্রয়োজনে আমার ওকে লাগে, তবে যেন ও কাছাকাছি থাকে।’
কিশোর বয়স থেকেই গভীর টান ও সম্পর্কের গুঞ্জন:
দীর্ঘদিন ধরে জাহ্নবী ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার প্রেমের জল্পনা বলিপাড়ায় তুঙ্গে। ২০২৩-এর ‘কফি উইথ করণ ৮’-এ জাহ্নবী ভুলবশত স্বীকার করেছিলেন যে তাঁর ফোনের স্পিড ডায়েলে শিখর (যাঁকে তিনি ভালোবেসে ‘শিকু’ ডাকেন) থাকেন।
এর পর ২০২৪-এর এপ্রিলে বাবা বনি কাপুরের ‘ময়দান’ ছবির প্রিমিয়ারে ‘Shikku’ লেখা নেকলেস পরে এসে নজর কেড়েছিলেন জাহ্নবী। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৫-১৬ বছর বয়স থেকেই শিখর তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এবং দুজনে দুজনের স্বপ্নের অংশীদার।

বিয়ের গুঞ্জন ও পরিবারের সমর্থন:
বনি কাপুরও একাধিকবার শিখরের প্রতি নিজের স্নেহের কথা প্রকাশ করেছেন। পরবর্তীতে তাঁদের বিয়ের সম্ভাবনা নিয়ে নানা চর্চা হলেও, বনি কাপুর স্পষ্ট করেছেন যে আপাতত ক্যারিয়ারেই ফোকাস করছেন জাহ্নবী।
কঠিন সময়ে শিখরের এই নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিক দিকটি তুলে ধরে করণের শো-তে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন জাহ্নবী।জাহ্নবীর ডেবিউ ছবি ধড়ক মুক্তির আগেই অকালমৃত্য়ু হয় শ্রীদেবীর। করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী কন্যা। পরবর্তীতে মা ও দিদির পদচিহ্ণ অনুসরণ করে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও অভিনয়ের জগতে পা রেখেছেন।