বহুবছর হয়ে গেল, সিনেমার জগত থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন জয়া বচ্চন। অভিনয়ের থেকেও তাঁর বেশি ঝোঁক এখন রাজনীতিতে। তিনি বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ সদস্য। সেই ২০০৪ সাল থেকে এই দায়িত্ব সামলে আসছেন। তবে এবার সংসদের বাইরে দাঁড়িয়ে সরাসরি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন করলেন অমিতাভ-পত্নী। জোর গলায় জানালেন, ‘ছাব্বিশে মমতাই সরকার গড়বে’।
জয়া বচ্চন জন্মসূত্রে বাঙালি। বাংলায় তাই তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে বিশেষ ভালোবাসা পেয়ে এসেছেন তিনি। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই অমিতাভ বচ্চনকে পরিচয় দেন ‘বাংলার জামাই’ হিসেবে। অতীতে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে দেখা গিয়েছিল জয়া বচ্চনকে। আর শুক্রবার সংসদ চত্বরে তৃণমূলের ধর্না মঞ্চে উপস্থিত হয়ে জানান দিয়েছেন, তিনি এখনও দিদির পাশে।
এদিন সংসদ চত্বরে ১০০ দিনের কাজের (MNREGA) নাম পরিবর্তন এবং বাঙালি মনীষীদের অপমানের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল সাংসদরা। আর জয়া বচ্চন নিজেও সেই বিক্ষোভে সামিল হন। এমনকী, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গলাও মেলান অন্য তৃণমূল সাংসদদের সঙ্গে।

সঙ্গে জয়া বচ্চনের বার্তা, ‘বাঙালি মনীষীদের অপমান করে এবং গায়ের জোরে আইন পাস করিয়ে বাংলার কণ্ঠরোধ করা যাবে না। যত অপমান করবে, তত বাংলার লোকেদের মনোবল আরও বাড়বে।’ আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই হবে। নিশ্চয়ই হবে।’ গোপালকৃষ্ণ গোখলের বিখ্যাত উক্তি ‘হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে…’-এর সুর জয়া নিজের মন্তব্যে এদিন জোড়েন, ‘বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়। দেশের যে কোনও পলিসি বা বড় পদক্ষেপের কথা বাংলার মানুষ আগে চিন্তা করে নেয়।’