Success Story in KBC 2026: অষ্টাদশ কৌন বনেগা ক্রোড়পতিতে ৫০ লাখ টাকা জিতলেন আইআইটি টপার যোগেশ সাহু। যিনি ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়ে আইএএস হওয়ার স্বপ্নপূরণের জন্য ১৮ লাখ টাকার চাকরির অফারও নেননি। সেই ছেলে বাবার লড়াইয়ের জন্য আইএএস হতে চান।
সংগ্রাম থেকে সাফল্যের শিখরে
যোগেশের সেই সাফল্যের নেপথ্যে রয়েছে এক সংগ্রামের গল্প। বাবা পেশায় একজন গাড়ি চালক ছিলেন। মাসিক আয় ছিল ২০,০০০ টাকার মতো। আর্থিক অবস্থা সেরকম ভালো না হলেও যোগেশের বাবা কখনওই ছেলের শিক্ষায় খামতি রাখতে দেননি। ছোটোবেলা থেকেই যোগেশ ছিলেন অত্যন্ত মেধাবী। স্থানীয় স্কুল থেকে প্রাথমিক শিক্ষার পরে ছত্তিশগড় রাজ্য বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।
IIT বম্বের টপার, চাকরির অফার পান ১৮ লাখ টাকার
তারপর সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা (JEE) ক্র্যাক করে সুযোগ পান আইআইটি বম্বেতে। সেইসময় রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছিল। আইআইটিতে নিজের মেধার পরিচয় দেন। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শীর্ষে থেকে পাশ করেন।আইআইটিতে টপার হওয়ার পরে বার্ষিক ১৮ লাখ টাকা প্যাকেজের চাকরির অফার পেয়েছিলেন যোগেশ। কিন্তু তাঁর স্বপ্ন ছিল ইউপিএসসি সিভিল সার্ভিসেস দিয়ে আইএএস অফিসার হওয়ার। আর তাতে পুরোপুরি সমর্থন করে পরিবারও। কেবিসির হট সিটে বসে অমিতাভ বচ্চনের সামনে যোগেশ নিজের এই স্বপ্নের পিছনের অনুপ্রেরণার কথাও জানান।
কীভাবে IAS হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন যোগেশ?
তিনি জানান, ছোটোবেলায় যখন দেখতেন বাবা বিভিন্ন বড় অফিসারদের জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছেন এবং তাঁদের সম্মান জানিয়ে সেলাম ঠুকছেন, তখন থেকেই তাঁর মনে একটি তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। সংকল্প করেন যে তিনি এমন এক পদে পৌঁছাবেন, যাতে মানুষ তাঁর বাবাকে সম্মান জানায়। সেই থেকেই জেলাশাসক বা কালেক্টর হওয়ার স্বপ্ন দেখা শুরু হয় যোগেশের।
