প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির প্রধান খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই রোগে ভুগে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এই আবহে আজ বাংলাদেশি সময় সকাল ৬টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ২৩ নভেম্বর থেকে এই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। এর আগে গতকাল গভীর রাতে তাঁকে দেখতে হাসাপাতালে গিয়েছিলেন তাঁর পুত্র তারেক রহমান। মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। হৃদরোগ থেকে শুরু করে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির রোগ সহ নানা ব্যধিতে ভুগছিলেন তিনি।
১৯৪৫ সালের ১৫ অগস্ট খালেদা জিয়ার জন্ম হয়েছিল আজকের দিনের পশ্চিমবঙ্গ জেলায়। পরে দেশভাগের সময় তাঁর পরিবার চলে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানে। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয়েছিল খালেদা জিয়ার। এরপর জিয়াউর রহমানকে ১৯৮১ সালে হত্যা করা হলে ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দেন খালেদা। নাম লেখর স্বামীর গঠিত বিএনপি-তে। ১৯৮৪ সালে দলের চেয়ারপার্সন হয়েছিলেন তিনি। এরপর তিন দফায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
১৯৯১ সালে জামাতে ইসলামির সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। ২০০১ সালে তিনি তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। এছাড়া দুইবারের বিরোধীদলীয় নেতা হয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৫টি সংসদ নির্বাচনে তিনি ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং তিনি সবকটি আসন থেকেই জয়ী হয়েছিলেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। আওয়ামী লীগ জমানায় তাঁর বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছিল। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন খালেদা জিয়া। তবে হাসিনার বিদায়ের পর ২০২৪ সালের ৬ অগস্টই সরকারের তরফ থেকে খালেদা জিয়ার সাজা মকুব করা হয়েছিল।
