Mahua on TMC Rebel MPs: উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদদের ভাঙাতে নাকি ১৫ কোটি টাকা করে খরচ করা হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) নেতা সঞ্জয় রাউত। তা নিয়ে মুখ খুললেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘মাত্র ১৫ কোটি টাকায়? সস্তায় কেন যাচ্ছেন? আমার বিশ্বাস যে আমাদের গুলো সরাসরি চার কোটি টাকা পেয়েছেন। আর (সংসদ হিসেবে বাকি থাকা) বাকি থাকা ৩৬ মাসের জন্য মাসিক এক কোটি টাকা (পাবে)….হানি প্লাস মানি।’
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ইতিবৃত্ত
যদিও মহুয়ার সেই কটাক্ষের প্রেক্ষিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা আপাতত কোনও মন্তব্য করেননি। যাঁরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ের সঙ্গে মিশে যাচ্ছেন। সেই বিষয়ে ঘোষণা করার আগে দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবদের সঙ্গে দেখা করলেও তাঁরা খাতায়কলমে পদ্মশিবিরে যোগ দেননি। বরং কার্যত অস্তিত্বহীন দল এনসিপিআইয়ের সঙ্গে মিশে গিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন করবেন বলে দাবি করেছেন।
সাংসদদের ৫০ কোটি টাকার প্রস্তাব, দাবি সঞ্জয়ের
তারইমধ্যে মহারাষ্ট্রের ক্ষেত্রে উদ্ধবরা দাবি করেছেন যে তাঁদের শিবিরের সাংসদদের দল পরিবর্তনের জন্য কোটি-কোটি খরচ করা হচ্ছে। বুধবার অরবিন্দ সাওয়ান্ত, অনিল দেশাই, রাজাভাউ ওয়াজেদের মতো নেতাদের সঙ্গে সাংবাদিক বৈঠকের সময় উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় বলেন, ‘একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির থেকে ফোন পেয়েছিলাম। উনি আমায় বলেছেন যে সাংসদদের ৫০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ১৫ কোটি টাকা দেওয়া হবে অগ্রিম বাবদ। মহারাষ্ট্রে সাংসদ কেনাবেচা হচ্ছে।’
উদ্ধবের বৈঠকে অনুপস্থিত ৬ সাংসদ
আর সেই উদ্ধব শিবিরের সংসদীয় দল ভেঙে যাওয়ার জল্পনা শুরু হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে। দিনদুয়েক আগে মুম্বইয়ে নিজের বাসভবনে যে বৈঠক ডেকেছিলেন উদ্ধব, তাতে শিবসেনার (উদ্ধর শিবির) নয় সাংসদের মধ্যে মাত্র চারজন যোগ দিয়েছিলেন। একনাথ শিন্ডের শিবসেনা শিবিরের সেনার নেতাদের দাবি, ওই ছয় সাংসদ একটি বিদ্রোহী গোষ্ঠী তৈরি করতে পারেন। আর শিন্ডের শিবসেনা শিবিরের সঙ্গে মিশে যাওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিতে পারেন বলে দাবি করা হয়েছে।
