Matthew Vandyke:
ভারতে প্রায় ছয় মাস জেলবন্দি থাকার পর দেশে ফিরেই ভারতকে নিশানা করলেন আমেরিকার নাগরিক ম্যাথিউ ভ্যানডাইক। তাঁর দাবি, তাঁকে এবং ছয় ইউক্রেনীয় নাগরিককে ভারতে বন্দি করে রাখা হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরই অংশ হিসাবে। আগামী কয়েক মাসে এই গ্রেফতারি এবং জেলে থাকার অভিজ্ঞতা নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি (Matthew Vandyke)। সমাজমাধ্যমে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের মাটিতে গ্রেফতার হওয়া এক বিদেশি নাগরিকের মুখে রাশিয়ার সঙ্গে এই গ্রেফতারির যোগসূত্রের অভিযোগ কূটনৈতিক মহলেও প্রশ্ন তুলতে পারে।
সোমবার সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করেন ভ্যানডাইক। সেখানে তিনি লেখেন, ছয় মাসেরও বেশি সময় ধরে ভারত তাঁকে এবং বেশ কয়েক জন ইউক্রেনীয় নাগরিককে জেলে আটকে রেখেছিল। তাঁর (Matthew Vandyke) দাবি, এই ঘটনা আসলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধেরই একটি অংশ। আগামী কয়েক মাসে সমাজমাধ্যমের পোস্ট এবং সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে এই ঘটনার অজানা তথ্য সামনে আনবেন তিনি। কী কারণে তাঁদের গ্রেফতার করা হয়েছিল এবং জেলের ভিতরে কী ঘটেছিল, সেই সব বিষয় প্রকাশ্যে আনার ইঙ্গিতও দিয়েছেন। তবে রাশিয়ার নির্দেশে ভারত তাঁদের গ্রেফতার করেছিল, এমন কোনও প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। এটি ভ্যানডাইকের নিজস্ব অভিযোগ।
জামিন পেলেও শেষ হয়নি মামলা
প্রাথমিক ভাবে ভ্যানডাইক ও তাঁর ছয় ইউক্রেনীয় সহযোগীর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র ধারায় মামলা করেছিল এনআইএ। প্রায় ছয় মাস জেলে থাকার পর ৮ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা। তবে সেই চার্জশিটে ইউএপিএ-র ধারা রাখা হয়নি। পরিবর্তে অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত আইনের ২১ এবং ২৩ নম্বর ধারায় অভিযোগ আনা হয়।

Matthew Vandyke
কী অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ভ্যানডাইক?
আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা ম্যাথিউ ভ্যানডাইক একজন তথ্যচিত্র নির্মাতা, যুদ্ধের সংবাদদাতা এবং সামরিক প্রশিক্ষণ সংস্থার প্রতিষ্ঠাতা। ১৩ মার্চ কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। একই দিনে দিল্লি ও লখনউ বিমানবন্দর থেকে ছয় ইউক্রেনীয় নাগরিককেও গ্রেফতার করা হয়।
এনআইএ-র অভিযোগ ছিল, এই সাত জন পর্যটক ভিসায় ভারতে এসে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই উত্তর-পূর্ব ভারতের সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছিলেন। পরে মিজোরাম সীমান্ত দিয়ে মায়ানমারে গিয়ে সেখানকার জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলিকে ড্রোন চালানো এবং সামরিক প্রশিক্ষণ দেওয়ার কাজে যুক্ত হয়েছিলেন তাঁরা। ইউরোপ থেকে ড্রোন এনে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে সরবরাহ করার অভিযোগও উঠেছিল। এমনকি মায়ানমারে একটি যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে ড্রোন হামলার পরিকল্পনায় তাঁদের যোগ থাকার সন্দেহ প্রকাশ করেছিল এনআইএ।
Read More: World News
Follow Us on: YouTube