Navjot Singh Sidhu in Congress। কংগ্রেস ছাড়ছেন সিধু?

Spread the love

রাজনীতিতে প্রবেশ করেছিলেন বিজেপির হাত ধরে। পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু যোগ দিয়েছিলেন কংগ্রেসে। এখনও খাতায় কলমে তিনি কংগ্রেসেই আছেন। তবে কংগ্রেসে থাকাকালীনই ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তাঁর। তারপর থেকেই রাজনৈতিক ভাবে প্রায় নিষ্ক্রিয় হয়েছিলেন তিনি। এহেন সিধু এবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছাড়তে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

পঞ্জাব কংগ্রেসের মধ্যে চলমান অভ্যন্তরীণ মতপার্থক্য প্রকাশ্যে চলে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু। তিনি দাবি করেছেন যে দলের মধ্যে পাঁচজন নেতা মুখ্যমন্ত্রী পদ পেতে চান এবং তাঁরা নিজের দলের বিরুদ্ধেই কাজ করছেন। নভজ্যোত সিং সিধুর দলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে নিয়ে স্ত্রী বলেন, ‘কংগ্রেস ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে সিধুর। কিন্তু প্রচণ্ড দলাদলির কারণে তিনি দলে কোনও ভূমিকা পাবেন না।’ সিধুর ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘যদি কোনও দল আমাদের ভূমিকা দেয়, তাহলে আমরা আবার পঞ্জাবকে সোনালি বানাতে পারি। কংগ্রেস তাঁকে মুখ্যমন্ত্রী করলে উনি ফিরে আসবেন। অন্যথায় তিনি তাঁর জীবনে সুখী আছেন।’

এদিকে চণ্ডীগড়ে পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সঙ্গে তাঁর বৈঠকের কথাও জানিয়েছেন নভজ্যোত কৌর। তিনি অভিযোগ করেন, তথাকথিত ভিভিআইপিরা শিবালিক রেঞ্জের বিপুল পরিমাণ জমি দখল করে রেখেছেন। তাঁর কথায়, ‘শোনা গেছে যে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই দখলদারিকে বৈধতা দিতে চলেছেন। তিনি করতে পারবেন না কারণ জমিটি সরকারের।’ এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে সিধুর স্ত্রীর কথা হয়েছে। এদিকে নভজ্যোত কৌর আরও অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে তিনি দাবি করেন, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের নামকরণ গুরু তেগ বাহাদুরজির নামে করা হোক। এই সব নিয়েও রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *