যন্তর মন্তরে চলা নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে চলা বিক্ষোভের আঁচ পড়ল কলকাতায়। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লিতে চলেছে জোরালো আন্দোলন। যার আঁচ কলকাতায় আসতেই উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর। শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল জুতো, জলের বোতল। পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হয় পুলিশও।
ভারতের ছাত্র ফেডারেশন ও বাম ছাত্র সংগঠনের ডাকে শুক্রবার, ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে যোগ দেন অনেকেই। মিছিলে হাঁটেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। শিয়ালদহ থেকে দুপুর ৩টে ১০ মিনিটে মিছিল শুরু হয়। শুক্রবার উল্টোরথ উপলক্ষ্যে ইতিমধ্যেই আলাদা করে কড়া নিরাপত্তা রয়েছে, তারই মধ্যে এই মিছিলের আয়োজন করা হয়। পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে সেই আন্দোলনে অংশ নেন শহরের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীরা। তাঁরাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়।
শুক্রবার রাত জাগো কর্মসূচিরও ডাক দিয়েছে ছাত্রদের সংগঠন। এর আগে, ডোরিনা ক্রসিংয়ে আন্দোলনকারীদের রোখার চেষ্টা করা হয়, পুলিশ পদক্ষেপ করে। পাল্টা পুলিশকে জুতো, বোতল ছোড়ে আন্দোলনকারীরা। ওঠে ‘চোর চোর’ স্লোগানও। মিছিল থেকে বোতল, জুতো ছোড়া হয়। ফলে পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ।
জানা যাচ্ছে, এদিনের রণক্ষেত্র পরিস্থিতির জেরে ৩ ঘণ্টা অচল থাকে, অবরুদ্ধ থাকে। ব্যহত হয় যান চলাচল। এই খবর করতে গিয়ে আক্রান্ত হতে হল সংবাদমাধ্যমকেও। নিট কেলেঙ্কারি সংক্রান্ত পোস্টার, ব্যানার নিয়ে ধর্মতলার পর্যন্ত মিছিল নির্বিঘ্নে হলেও ডোরিনা ক্রসিংয়ে তা পৌঁছনোর পরই ধুন্ধুমার শুরু হয়। ধর্মতলায় ধুন্ধুমারের মধ্যেই রানি রাসমনিতে অবস্থান বিক্ষোভের দাবি করেন আন্দোলনকারীরা।
