আজ বিকেল-সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে আরও মেঘলা হয়ে যাবে আকাশ। সেইসঙ্গে বিকেল-সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। সেজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। আর আজ মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির আশপাশে।
কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে?
এমনিতে আজ সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কোন ৫ জেলায় ঝড়ের বেগ বেশি থাকবে?
তারইমধ্যে আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান) ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কারণ ওই ১০টি জেলায় (কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি
একইভাবে উত্তরবঙ্গের সব জেলায় (দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার. কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আজ বৃষ্টির সঙ্গে ঝড়ও হবে। তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।