টেলিপাড়ায় আবার আনন্দের সুর! অভিনেত্রী সোহিনী সরকারের পর এবার মাতৃত্বের স্বাদে ভাসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সম্প্রতি স্বামী তূর্য সেনের ভালোবাসায় জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত অর্থাৎ ৯ মাসের সাধের অনুষ্ঠান উদযাপিত হলো রোশনির। সোহিনীর মা হওয়ার দিনই সাধ খেলেন রোশনি।
রোশনি ও তূর্যর বিশেষ সাজ:
এদিনের বিশেষ অনুষ্ঠানে তারকা দম্পতির পোশাকের রঙের মেলবন্ধন ছিল নজরকাড়া। গর্ভবতী রোশনির পরনে ছিল একটি মেরুন ও লালের মিশ্রণে এমব্রয়ডারি করা সিল্কের শাড়ি, সাথে লাল ব্লাউজ। খোলামেলা চুলে সাশ্রয়ী সোনার গয়নায় এক চমৎকার স্নিগ্ধ রূপে ধরা দেন তিনি। অন্যদিকে, পত্নী রোশনির সাথে রঙ মিলিয়ে স্বামী তূর্য সেনও সেজে উঠেছিলেন মেরুন রঙের কারুকার্যময় সুতির পাঞ্জাবিতে।
পুজোর পরেই কোল আলো করে আসবে নতুন অতিথি, তাই এবারের দুর্গোপুজোটা বেশ রিল্যাক্স করে পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। অন্যদিকে সহকর্মী সোহিনী সরকারের মাতৃত্বের খবর পেয়ে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রোশনি বলেন, ‘এইমাত্র খবরটা পেলাম, অনেক শুভেচ্ছা সোহিনীদিকে। একটা ছোট্ট হাত এসে গিয়েছে সোহিনীদির হাত ধরতে।’
স্বামীর হাতে পরম আদরে ভুড়িভোজ ও বিশেষ মেনু:
সাধের অনুষ্ঠানে তূর্যর নিজের হাতে রোশনিকে ভালোবেসে সাধ খাওয়ালেন। খাবার খাইয়ে দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। ঐতিহ্যবাহী কাঁসার থালায় সাজানো নানা পদের বাঙালি খাবারে ভরপুর ছিল এদিনের মেনু। শুরুতে: গরম ভাত এবং ফুলকো লুচি। লুচির সাথে পরিবেশন করা হয়েছিল সুস্বাদু ছোলার ডাল এবং মোট ৯ রকমের ভাজা।
