Saheb-Sushmita। ফের এক হচ্ছেন সাহেব-সুস্মিতা!

Spread the love

কথা ফুরলেও প্রেমচর্চা জারি। সিরিয়ালের নায়ক-নায়িকাদের নিয়ে প্রেমের গুঞ্জন নতুন নয়, তবে সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কয়েক মাস পার হলেও সাহেব-সুস্মিতার প্রেমচর্চার স্ফূলিঙ্গ এতটুকু কমেনি। সোমবার এক বছর বয়স হল কথা-র। সিরিয়ালের বর্ষপূর্তির দিন সুখবর ফেল কথা-অগ্নি জুটির ফ্যানেরা। আবারও জুটিতে দুজনে।তবে কি কথা ২ আসছ? না। কথা ২ আসছে না। ছোটপর্দাতেও দুজনে হাত ধরছেন না। এবার মাধ্যম বদলাচ্ছে। ছোটপর্দার জনপ্রিয় জুটি সাহেব-সুস্মিতাকে এবার একসঙ্গে দেখা যাবে রঙ্গমঞ্চে। ‘সিরাজ এবং’ নাটকে একসাথে দেখা মিলবে তাঁদের। যা পরিচালনার দায়িত্বে থাকবেন অবন্তী চক্রবর্তী।

মঞ্চের সঙ্গে সাহেবের পরিচয় অনেক দিনের। তবে সুস্মিতা আগে কখনও থিয়েটারে কাজ করেননি। স্বভাবতই সুস্মিতার কাজে এটা নতুন চ্যালেঞ্জ হতে চলেছে। কিন্তু পাশে তাঁর জীবনের ‘সান্তা’ সাহেব থাকলে সব মুশকিল আসান হয়ে যাবে তা বলাই যায়। সাহেবকে এই নাটকে দেখা যাবে নামভূমিকায়। অর্থাৎ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদদৌল্লার চরিত্রে অভিনয় করবেন তিনি। অন্যদিকে সিরাজের বেগম লুৎফুন্নেসার ভূমিকায় অভিনয় করবেন সুস্মিতা।

এক সংবাদমাধ্যমকে সাহেব জানান, এই নাটকে সিরাজের চরিত্রটি তাঁকে টেনেছে। কারণ এতদিন সিরাজউদদৌল্লার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নানান কাজ হলেও সিরাজের ব্যক্তিগত জীবনকে সেভাবে হাইলাইট করা হয়নি। এই নাটকে সিরাজের জীবনের তিন নারী (মা আমিনা বেগম, স্ত্রী লুৎফুন্নেসা এবং মাসি ঘসেটি বেগম) প্রাধন্য পাবেন। ওদিকে প্রথমবার মঞ্চে অভিনয়ের আগে কী অনুভূতি সুস্মিতার। ‘কথা’ নায়িকা জানিয়েছেন, ‘প্রচুর পড়াশোনা করছি চরিত্রটা নিয়ে। আমার আর সাহেবের জুটি ছোটপর্দায় জনপ্রিয় ছিল, সেই ম্যাজিক মঞ্চে ফিরিয়ে আনার চেষ্টা করব’।

এই নাটক প্রযোজনার দায়িত্ব নিয়েছে বেঙ্গল টকিজ, যে প্রযোজনা সংস্থা কথা তৈরির দায়িত্বে ছিল। সুতরাং, এ খানিকটা ঘরে ফেরার মতো ব্যাপার। জানুয়ারি মাসেই কলকাতাতে প্রথম শো ‘সিরাজ এবং’-এর। এরপর দেশের অনান্য শহরেও মঞ্চস্থ হবে এই নাটক। সাহেব-সুস্মিতা ছাড়াও অভিনয় করবে বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অর্পিতা গঙ্গোপাধ্য়ায়, সেঁজুতি রায় মুখোপাধ্যায়রা।

গত মাসে সাহেবের জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন সুস্মিতা। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন ‘দ্য কিং’ ভট্টাচার্য… মহাবিশ্ব এবং শ্রী রাধারানির আশীর্বাদ বর্ষিত হোক তোমার জীবনে—সুখ, সমৃদ্ধি, সাফল্য আর অফুরন্ত ভালবাসায় ভরে উঠুক প্রতিটি দিন। তুমি ইতিবাচকতার এক শক্তিকেন্দ্র। খুব নরম একজন মানুষ… সবসময় এভাবেই থেকো। প্রত্যেকের জীবনে একটা সাহেব ভট্টাচার্য দরকার।’ সুস্মিতার এই বার্তা সাফ করেছিল, দুজনের সম্পর্ক এখন আর বন্ধুত্বের গণ্ডিতে আটকে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *