শনিবার ছিল ছোট পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা সাইনা চট্টোপাধ্যায়, অর্থাৎ দর্শকদের প্রিয় লাজু-র জন্মদিন। সুইট সিক্সটিনে পা রাখলেন সাইনা। বেশ অল্প বয়স থেকেই আসলে অভিনয় জগতে পা রাখা। লেখাপড়া আর শ্যুট, সবটাই সামলাচ্ছে সমানতালে। শুধু তাই নয়, মিষ্টি ব্যবহারে কনে দেখা আলো-র সেটেও সকলের প্রিয় তিনি।
শনিবার বেশ ধুমধাম করে সাইনার জন্মদিন পালন করলেন মা সংযুক্তা। সাইনার স্কুলের বন্ধু, পরিবারের সদস্যরা তো ছিলেনই, সঙ্গে এসেছিলেন ইন্ডাস্ট্রিরও বহু চেনা মুখ। আর নিজের নায়িকার এই বিশেষ দিনে সামিল হতে উপস্থিত হয়েছিলেন সোমরাজ মাইতি-ও। শুধু তাই নয়, সোমরাজ এদিন সাইনার অনুরোধে পরে এসেছিলেন গোলাপি রঙের টি-শার্ট। আর সেই কথা অকপটে মেনেও নিলেন ‘কনে দেখা আলো’র অনুভব। হাতে ছিল জারা-র একটি শপিং ব্যাগ, যা উপহার হিসেবে তুলে দেন সাইনার হাতে। এমনকী, সাইনা কেক কাটার পর প্রথমে তা মা সংযুক্তা ও তারপর তুলে দেয় সোমরাজের মুখে। এমনকী, দুজন দুজনকে কেক মাখানোর চেষ্টাও করেন।
বরাবরই পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে অনুভব আর সাইনার জুটি। অসমবয়সের প্রেম হলেও, তা গল্পের কারণে দিনে দিনে যেন আরও মিষ্টি হয়ে উঠেছে। গ্রামের সিধেসাধা লাজু-কে যেভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে অনুভব, তা-ই এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ। বরাবরই সে লাজুর সামনে ঢাল হয়ে থাকে। ডাক্তারি পড়ছে লাজু, আর এর পিছনেও সেই অনুভবই।
এদিকে লাজুর জন্মদিনের পার্টিতে হাজির ছিল তাঁর শাশুড়ি কমলা, অর্থাৎ অভিনেত্রী লোপামুদ্রা সিনহা। পর্দায় বৌমার উপর অত্যাচার করলে কী হবে, বাস্তবে যে সাইনাকে খুবই স্নেহ করেন লোপামুদ্রা, তা স্পষ্ট। এমনকী, সাইনা ও সোমরাজের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। আর সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘অনএএএএএক দিন ধরে অনুবন্তী অনুরাগীরা কমলাকে বলে চলেছিল লাজুর হাত অনুভবের হাতে তুলে দিয়ে ইতিহাসে নাম লেখাতে… কিন্তু লেখালিখি তো আমার দায়িত্ব নয় … তাই পর্দায় না পারলেও পর্দার বাইরে আজ দুজনের হাত ধরিয়ে ছবি তুলেছি… এবারে খুশি তো? ব্যস তাহলে আবার পর্দায় কিছুদিনের জন্য বদমায়েশি করার ছাড় পেলাম কিন্তু।’পর্দায় যেমন লাজু-র থেকে বয়সে অনেকটাই বড় তাঁর ভালোবাসার মানুষ সোমরাজ। তেমনই বাস্তবেও অনেকখানিই ফারাক সোমরাজ ও সাইনার বয়সের। ১৬ বছরে পা রাখল সাইনা, আর ইন্টারনেটে প্রাপ্ত তথ্য অনুসারে সোমরাজের জন্ম ১৯৯৪ সালের ৪ এপ্রিল। অর্থাৎ তাঁর বয়স ৩২ বছর। অর্থাৎ প্রায় ১৬ বছরের ছোট সাইনা তাঁর পর্দার নায়কের থেকে।
