তিন বছর পর ছোটপর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত। ব্লুজের আসন্ন মেগা ‘বিদ্যা ব্যানার্জি’তে নাম ভূমিকায় রয়েছেন তিনি। কেরিয়ারে এক দশক পার করে স্বস্তিকা এখন অনেক পরিণত। স্নেহাশিস চক্রবর্তীর ভাবনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন স্বস্তিকা।
এখন প্রশ্ন হল এই মেগায় স্বস্তিকার বিপরীতে থাকছেন কে? স্বস্তিকার সঙ্গে ক্রুশল আহুজার জুটির ব্লকবাস্টর। তোমার খোলা হাওয়া-র ব্যর্থতার অন্যতম কারণ হিসাবে ধরা হয়েছিল নায়ক-নায়িকার ঠাণ্ডা রসায়ন। সেই ভুল করবেন না স্নেহাশিস চক্রবর্তী।
‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র প্রোমোয় খলনায়কের দেখা মিললেও নায়কের দেখা মেলেনি। খোঁজ নিয়ে জানা গেল, গল্পের নায়ক কে হবেন, সেই ব্যাপারে নিজেও ১০০% সিওর নন প্রযোজক। দুই নতুন মুখকে বেছেছেন স্নেহাশিস চক্রবর্তী, তবে দৌড়ে এগিয়ে অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সব ঠিক থাকলে আতল ফড়িং-এর ব্যাঙ্ক বাবুই হবেন বিদ্যার মনের মানুষ।
গীতা এলএলবির কৃপান অর্থাৎ অভিনেতা সৌমক বসু এই মেগার খলনায়কের চরিত্রে থাকছেন। সম্পর্কে বিদ্য়ার সৎ ভাই সে, তবে দিদি-ভাইয়ের সম্পর্ক যে একেবারেই মধুর নয় তা প্রথম প্রচার ঝলকেই স্পষ্ট।
প্রফেসর বিদ্য়া ব্যানার্জি-র পাশাপাশি জলসার আরও একটি নতুন মেগা আসছে, শোলাঙ্কি-গৌরবের মিলন হবে কতদিনে! দুটো নতুন মেগাকে জায়গা করে দিতে কোপ পড়বে পুরোনো-র উপর। এক লাখ টাকার প্রশ্ন হল তাহলে বন্ধ হবে কোন সিরিয়াল?

শোনা যাচ্ছে, উষসী রায়ের গৃহপ্রবেশ মেগার উপর কোপ পড়তে পারে। রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই মেগায় প্রথমবার জুটি বেঁধেছিলেন উষসী-সুস্মিত। সঙ্গী কৌশাম্বি। তাঁদের ত্রিকোণ প্রেম কাহিনি নিয়ে এগোচ্ছিল গল্প। বর্তমানে রাত ৮.৩০ টার স্লটে সম্প্রচারিত হয় এই মেগা। শোনা যাচ্ছে, সেই স্লট দখল করবে বিদ্যা ব্যানার্জি। তবে এখনও শুরু হয়নি এই মেগার শ্যুটিং। আগামী ২৯শে অক্টোবর থেকে শ্যুটিং শুরু হবে স্বস্তিকা দত্তের কামব্যাক মেগার।