Sharadwat Mukherjee on Trinamool Congress:
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে ক্রমশ স্পষ্ট হচ্ছে ভাঙনের ছবি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুগামী শিবির, অন্যদিকে ঋতব্রতদের গোষ্ঠী—দুই পক্ষের সংঘাতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহেই ঋতব্রত শিবিরকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee Explosive Remarks About TMC)। তাঁর বক্তব্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এমনকী, মন্ত্রীর মন্তব্যে তাঁর নিজের দলও কিছুটা অস্বস্তিতে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
সম্প্রতি ফেসবুকে ওই ভিডিওটি পোস্ট করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। ক্যাপশনে তিনি লেখেন, “বিধাননগরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্যের কিছুটা অংশ। আমার শুনে বেশ ভালো লাগল। আপনাদের কেমন লাগল জানাবেন।”
ভিডিওতে স্বাস্থ্যমন্ত্রীকে (Sharadwat Mukherjee Explosive Remarks) বলতে শোনা যায়, “একটা মৃত তৃণমূল। আরেকটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঋতব্রত তৃণমূলের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আছে বলে চলছে। যেদিন হাত সরিয়ে নেবে, সেদিন ও শেষ হয়ে যাবে।”
শুধু তাই নয়, মন্ত্রীর আরও দাবি, মুখ্যমন্ত্রী এমনিই বলেননি যে চাইলে ২৮০ জনের সমর্থন পেতে পারেন। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, ঋতব্রত (Ritabrata Banerjee) শিবিরের সঙ্গে বিজেপির যোগাযোগ ও পরোক্ষ সমর্থন নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ তুলেছে কালীঘাটের তৃণমূল। তাদের দাবি ছিল, ঋতব্রতদের পিছনে শুভেন্দু অধিকারীদের মদত রয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত বিরোধী দলনেতা শোভন চট্টোপাধ্যায়ের নাম খারিজ করে ঋতব্রতকে ওই পদে বসানো হয়েছিল বলে অভিযোগ কালীঘাট শিবিরের। এবার স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে (Sharadwat Mukherjee Explosive Remarks) সেই অভিযোগই যেন নতুন করে গুরুত্ব পেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Sharadwat Mukherjee Explosive Remarks About TMC
এদিকে, শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য ঘিরে অস্বস্তিতে বিজেপিও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি যেটুকু বুঝেছি সেটা হল, আমাদের বিরোধীরা এই মুহূর্তে অস্তিত্বহীন, সেইটাই বলার চেষ্টা করছেন। বাকি উনি ঠিক কী বলতে চেয়েছেন, সেটা ওঁর কাছ থেকেই শুনুন।”
অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ঋতব্রত শিবিরও। বিধায়ক আখরুজ্জামান পালটা হুঁশিয়ারি দিয়ে বলেন, “শারদ্বত মুখোপাধ্যায় এবার দেখবেন বিরোধিতা কাকে বলে।”
সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের অন্দরের সংঘাত যে আরও প্রকাশ্যে চলে এসেছে, তা স্পষ্ট। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে ঋতব্রত শিবিরের টানাপোড়েন, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে পরোক্ষ মদতের অভিযোগ—সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কালীঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের দাবি, স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যেই ঋতব্রতদের মুখোশ খুলে গিয়েছে। ফলে এই সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
Read More: Politics | West Bengal News
Follow Us on: YouTube