বছর শেষে ফের দুঃসংবাদ বাংলা বিনোদুনিয়ায়। খসে পড়ল আরও এক তারা। প্রয়াত শ্রাবণী বণিক। বাংলা টেলিভিশনের অন্যতম প্রতিভাবান চরিত্রাভিনেত্রী ছিলেন শ্রাবণী। গত মাসেই খবর মেলে ক্যানসারের মতো মারণরোগের সঙ্গে লড়ছেন অভিনেত্রী। অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার প্রয়োজনীয় ১২ লক্ষ টাকা জোগাড় করতে সাহায্য প্রার্থনা করেছিল ছেলে, কিন্তু কোনও চেষ্টাই কাজে এল না। সোমবার না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী।
‘রাঙা বউ’ থেকে শুরু করে ‘সোহাগ চাঁদ’, বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কখনও মায়ের চরিত্রে, কখনও আবার কাকিমা চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে এই অভিনেত্রীকে। কে আপন কে পর ধারাবাহিকে জবার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবণী। আলো ছায়া-তে নায়কের মায়ের ভূমিকায় দেখা মিলেছিল তাঁর। সম্প্রতি মালাবদল ধারাবাহিকে দিতির সৎ মায়ের চরিত্রেও নিজের অভিনয়ের ছাপ রেখে গেলেন প্রয়াত অভিনেত্রী। শ্রাবণীর মৃত্যুতে শোকের ছায়া টেলিপাড়ায়।
