Siliguri man for ‘Pakistan Connection’। ‘পাক নেটওয়ার্কের হয়ে কাজ’! দিল্লিতে ধৃত দিনহাটা মডিউলের যুবক

Spread the love

Siliguri man for ‘Pakistan Connection’: পাকিস্তানি নেটওয়ার্কের সঙ্গে যোগ থাকার অভিযোগে দিল্লি থেকে শিলিগুড়ির এক যুবককে গ্রেফতার করা হয়েছে। যে দিনহাটা মডিউলের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে খবর, পাকিস্তানের আইএসআইয়ের মদতপুষ্ট জাল নোট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দিল্লি থেকে প্রদীপ্ত বসু (৩৫) নামে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে কোচবিহারে এনে পেশ করা হয় দিনহাটা আদালতে। বিচারক আটদিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

‘কোচবিহারে ধৃত ৩ জনের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে’

সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই মামলায় কোচবিহার থেকে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের সঙ্গে প্রদীপ্তের যোগসূত্র পাওয়া গিয়েছে। ওই তিনজন এমন একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল, যার সদস্যরা পাকিস্তানে থাকা ব্যক্তিদের হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করার জন্য ভারতীয় সিমকার্ড ব্যবহার করা হত। আবার প্রদীপ্তের কাছ থেকে তো বাংলাদেশি সিম এবং ল্যাপটপও উদ্ধার করা হয়েছে।

নেপাল ও বাংলাদেশে ISI-র জাল নোট চক্রের সঙ্গে যোগ?

ওই প্রতিবেদন অনুযায়ী, রাজ্য পুলিশের এসটিএফের এক আধিকারিক জানিয়েছেন যে জাল নোট নেটওয়ার্ক আরও বিস্তৃত করার কাজ করছিল প্রদীপ্ত। নেপাল এবং বাংলাদেশে আইএসআইয়ের জাল নোট চক্রের সঙ্গেও যোগ মিলেছে। আর পুরোটাই শিলিগুড়িতে একটি ব্যবসার আড়ালে করত।

শুধু তাই নয়, তদন্তকারীদের হাতে এমন তথ্য এসেছে, যেখান থেকে ইঙ্গিত মিলছে যে বাংলাদেশের জেলে থাকা কয়েকজনের সঙ্গেও প্রদীপ্তের যোগসূত্র আছে বলে ওই সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্রের খবর, তার সহযোগীদের যে বাংলায় গ্রেফতার করা হয়েছে, তা দিল্লিতে বসে জানতে পারেনি প্রদীপ্ত।

গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার ভাইকে

আর প্রদীপ্তের গ্রেফতারির ফলে গত এক মাসে ওই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। বৃহস্পতিবারই উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রাব্বি সিদ্দিকিকে গ্রেফতার করেছে এসটিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *