টলিপাড়ায় এখন সবচেয়ে বড় চর্চার বিষয় ‘দেশু৭’ (DeSu7)। নাম এখনও চূড়ান্ত না হলেও, দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির এই সপ্তম ছবিটিকে নিয়ে ইতিমধ্যেই চড়ছে পারদ। শুধু অভিনয় নয়, এই ছবির হাত ধরেই টলিউডের সুপারস্টার দেব এবার পরিচালকের আসনে বসতে চলেছেন। অভিনেতা-প্রযোজক-পরিচালক দেব যখন নিজের এই মেগা প্রজেক্টের রেইকি সারতে ব্যস্ত, ঠিক তখনই এক বিপত্তি বাধালেন ছবির নায়িকা তথা রাজ-ঘরণী শুভশ্রী। ব্যাডমিন্টন খেলতে গিয়ে মুখে চোট পেলেন অভিনেত্রী।
আইসপ্যাক হাতে শুভশ্রীর পোস্ট:
জিমের ওয়ার্কআউটের পাশাপাশি ইদানীং ব্যাডমিন্টন কোর্টে ঘাম ঝরাতে ভালোবাসেন শুভশ্রী। আর সেখানেই রবিবার খেলতে গিয়ে মুখে চোট পান তিনি। চোটের পরেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, পরনে সাদা রঙের স্পোর্টস টি-শার্ট, চুলটা পেছনে পনিটেল করে বাঁধা। তবে নজর কেড়েছে তাঁর হাতের আইসপ্যাকটি। চোটের জায়গায় উপশম পেতে নিজের সুন্দর মুখশ্রীতে বরফের ব্যাগ চেপে ধরে আছেন তিনি।
বেদনাতেও হাসিমুখ:
চোট পেলেও শুভশ্রী কিন্তু একেবারেই ভেঙে পড়েননি। বরং চোট পাওয়াটাকেও বেশ মজার ছলে নিয়েছেন তিনি। ছবির ওপর ক্যাপশনে রসিকতা করে লিখেছেন, ‘Injuries during badminton is fun’ (ব্যাডমিন্টন খেলার সময় চোট পাওয়াটাও মজার)। ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন ‘ভিডা লোকা’ গান।
পুজোয় আসছে দেব-শুভশ্রী ম্যাজিক:
পরিচালক দেবের এই নতুন ছবি আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে। আবার পর্দায় দেব-শুভশ্রী ম্যাজিক দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার মাঝেই নায়িকার এই ছোটখাটো দুর্ঘটনা এবং দেবের রেইকির খবর টলিপাড়ার অলিন্দে নতুন উদ্দীপনা তৈরি করেছে। শুভশ্রীর হাসিমুখ দেখে এটুকু স্পষ্ট যে চোট খুব একটা গুরুতর নয়, তাই পুজোয় ধামাকা আনতে খুব শীঘ্রই চেনা ছন্দে ক্যামেরার সামনে দাঁড়াবেন রাজ-ঘরণী। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্যও। ইতিমধ্যেই দেবের নির্দেশনায় অনির্বাণকে শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছে।

দেশু৭-এর আগেই অভিনেতা-প্রযোজক দেব নিয়ে হাজির হবেন বাইক অ্য়াম্বুলেন্স দাদা। অগস্টে মুক্তি পাবে এই ছবি, যেখানে দেবের নায়িকা তাঁর বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র।