বাংলা লোকসংগীত জগতে অপূরণীয় ক্ষতি। অসময়ে সুরলোকে পাড়ি দিলেন প্রবাদপ্রতিম লোক-গায়ক স্বাগত দে। তাঁর কালজয়ী কণ্ঠে গাওয়া ‘সোনা বন্ধু রে’, ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মতো বহু গান আজও প্রতিটা বাঙালির হৃদয়ে সমানভাবে জায়গা করে রয়েছে। তাঁর অকাল প্রয়াণের খবর সামনে আসতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরো সঙ্গীতমহলে। পরিবার সূত্রে খবর, সোমবার সেরিব্রাল স্ট্রোক হয় শিল্পীর, শেষরক্ষা হল। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়ক।
সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সহ-শিল্পীদের
শিল্পী স্বাগত দে-র প্রয়াণের খবরটি সমাজমাধ্যমে নিশ্চিত করেন গায়িকা জোজো। তিনি লেখেন, ‘তারাদের দেশে ভালো থেকে স্বাগত দা। ওম শান্তি।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। শোকপ্রকাশ করে নিজের শৈশবের স্মৃতিচারণায় তিনি লেখেন, ‘স্বাগত দা … গায়ক স্বাগত দে… আর নেই। কেমন যেন হয়ে গেলাম খবর টা পেয়ে..! ছোটবেলাটা ফিরে এলো… Flash Back এর মত।’

‘মেনে নিতে পারছি না’— শোকস্তব্ধ সহশিল্পীরা
লোকসংগীতের এই উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণে ভেঙে পড়েছেন ওঁর সমসাময়িক শিল্পীরাও। প্রখ্যাত লোকসংগীত শিল্পী দেব চৌধুরী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘ও তো আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বড় ক্ষতি হয়ে গেল আমাদের।’
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বহু সঙ্গীতশিল্পী, কলাকুশলী এবং ওঁর অগণিত অনুরাগী প্রিয় শিল্পীর প্রয়াণে বিনম্র শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছেন।