TMC Bank Accounts Freezed: তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হল। সূত্রের খবর, তৃণমূলের ওই তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ৪৪০ কোটি টাকা আছে। ফ্রিজ করে দেওয়ার পরে ওই তিনটি অ্যাকাউন্ট থেকে কোনও টাকা তুলতে পারবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আর সেই বিষয়টি সামনে আসার পরে বিজেপির তরফে খোঁচা দিয়ে বলা হয়েছে, যে দলটাই উঠে যাওয়ার জোগাড়, সেই দলের তহবিল কীভাবেই বা থাকবে। ওই টাকা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। কারণ ওই টাকা কাটমানি বা তোলাবাজির মাধ্যমে সেই টাকা জমিয়েছিল তৃণমূল। তাই জনগণের মধ্যে ওই টাকা বিলিয়ে দেওয়া উচিত।
তৃণমূল বিধায়কের অভিযোগ ও পুলিশের নির্দেশ
আর অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ এসেছে পুলিশের থেকে। সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল বিধায়ক বিধাননগরের সাইবার ক্রাইম ব্র্যাঞ্চে অভিযোগ করেন যে ওই তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্টে যে টাকা জমা রয়েছে, তা বেআইনিভাবে পাওয়া। দ্রুত পদক্ষেপ না করলে লোপাট হয়ে যেতে পারে তথ্যপ্রমাণ। সেইমতো এফআইআর রুজু করেছে পুলিশ। সেইসঙ্গে তদন্তের স্বার্থে ওই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে বলা হয়েছে।
‘চাটন-ঋত-সহ…’, কটাক্ষ কুণালের
সেই বিষয়টি নিয়ে বিদ্রোহীদের নিশানা করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক (যিনি এখনও মমতা শিবিরে আছেন) কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘তৃণমূলের তহবিল, অ্যাকাউন্ট, সম্পদ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। থাকার কথাও নয়। এক্তিয়ারও নেই। এই বিষয়ে কোনও মন্তব্য করব না। কিন্তু একটি কৌতূহল। চাটন-ঋত-সহ যে বিধায়করা চিঠি দিয়ে দলের অ্যাকাউন্ট নিয়ে কথা তুললেন, তাঁরা স্পষ্টভাবে বলুন (চারটি বিষয়)।
ওই টাকা নিয়ে ভোটে লড়লেন কেন? কটাক্ষ কুণালের
কুণাল বলেন, ‘প্রথমত, তৃণমূলের কোনও অ্যাকাউন্ট থেকে এবার ভোটে প্রার্থী হিসেবে আপনাদের টাকা দেওয়া হয়েছিল কিনা। দ্বিতীয়ত, যদি সেই অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের অভিযোগ থাকে, তাহলে সেই টাকা নিলেন কেন? নিজের ভোটে কাজে লাগালেন কেন? তৃতীয়ত, যদি এখন নীতিগত আপত্তি থাকে, তাহলে সেই টাকা আগে ফেরত না দিয়ে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করলেন কেন? চতুর্থত, যদি কথা ওঠে অ্যাকাউন্টে বিতর্কিত টাকা আছে এবং সেই টাকা আপনার ভোটে ব্যবহার হয়েছে, তাহলে আপনাদের নির্বাচন আইনত অবৈধ ঘোষণা হবে না কেন?’সেইসঙ্গে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের আক্রমণ শানিয়ে কুণাল বলেন, ‘টাকা নিলেন। প্রতীক নিলেন। দলের প্রার্থীপদ নিলেন। সেই টাকায় ভোট করলেন। জিতলেন। এখন টাকা আর অ্যাকাউন্ট খারাপ হয়ে গেল??? টাকা নেওয়ার সময়ে মনে ছিল না??’
