Vertigo Treatment Options: ব্যালান্স অ্যাওয়ারনেস উইক উপলক্ষে আমাদের মনে রাখা জরুরি, শরীরের ভারসাম্য এমন একটি বিষয়, যাকে আমরা সাধারণত স্বাভাবিক বলেই ধরে নিই। যতক্ষণ না হঠাৎ তা বিঘ্নিত হয়। ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটা, সিঁড়ি দিয়ে ওঠা কিংবা শুধু মাথা ঘোরানো—পৃথিবী যখন হঠাৎ ঘুরতে শুরু করে, তখন এই সাধারণ কাজগুলিও অস্বস্তিকর ও ভীতিকর হয়ে উঠতে পারে।
অনেক ক্ষেত্রেই বারবার মাথা ঘোরা, ভারসাম্য হারানো বা শ্রবণশক্তি কমে যাওয়াকে বয়সজনিত সমস্যা, দুর্বলতা কিংবা এমন কিছু হিসেবে মনে করা হয়, যার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। কিন্তু এই উপসর্গগুলি অনেক সময় শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণকারী জটিল ব্যবস্থার চিকিৎসাযোগ্য কিছু সমস্যার ইঙ্গিত দিতে পারে।
শুধু মাথা ঘোরাই নয় ভার্টিগো
ভার্টিগো (Vertigo) নিজে কোনও রোগ নয়, বরং একটি উপসর্গ। এটি শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণকারী বিভিন্ন অংশ—যেমন অন্তঃকর্ণ (inner ear), ভেস্টিবুলার নার্ভ এবং মস্তিষ্কের সংশ্লিষ্ট অংশে সমস্যার কারণে হতে পারে। একইভাবে শ্রবণশক্তি হ্রাসও ককলিয়া (cochlea), অডিটরি নার্ভ অথবা মস্তিষ্কে শব্দের সংকেত পৌঁছে দেওয়া স্নায়ুপথের সমস্যার কারণে হতে পারে।
মেনিয়ের’স ডিজিজ (Ménière’s disease), ভেস্টিবুলার মাইগ্রেন (vestibular migraine), বেনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো বা BPPV এবং পারসিস্টেন্ট পোস্টুরাল-পারসেপচুয়াল ডিজিনেস বা PPPD—এগুলি এমন কিছু অবস্থা, যা বারবার বা দীর্ঘস্থায়ী মাথা ঘোরা ও ভারসাম্যহীনতার কারণ হতে পারে।
আশার বিষয় হল, সঠিক কারণ নির্ণয় করা গেলে বহু রোগীর ক্ষেত্রেই উপসর্গের উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। রোগ নির্ণয়ের উপর নির্ভর করে চিকিৎসার মধ্যে থাকতে পারে ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন, খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন। অনেক ক্ষেত্রেই অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।

যখন সাধারণ চিকিৎসায় উপসর্গ নিয়ন্ত্রণে আসে না
তবে কিছু রোগীর ক্ষেত্রে উপযুক্ত ওষুধ ও অন্যান্য নন-সার্জিক্যাল চিকিৎসা সত্ত্বেও উপসর্গগুলি দৈনন্দিন জীবনকে গুরুতরভাবে ব্যাহত করতে পারে। এমন নির্দিষ্ট ও বাছাই করা ক্ষেত্রে উন্নত নিউরো-অটোলজিক্যাল সার্জারি একটি বিকল্প চিকিৎসা হিসেবে বিবেচিত হতে পারে।
রিফ্র্যাক্টরি মেনিয়ের’স ডিজিজে, অর্থাৎ খাদ্যাভ্যাস ও ওষুধের মাধ্যমে চিকিৎসা সত্ত্বেও যখন বারবার ভার্টিগোর আক্রমণ হতে থাকে, তখন এন্ডোলিম্ফ্যাটিক স্যাক ডিকম্প্রেশন (endolymphatic sac decompression)-এর মতো অস্ত্রোপচার বিবেচনা করা যেতে পারে। এই পদ্ধতির লক্ষ্য হল অন্তঃকর্ণের তরল ব্যবস্থার সঙ্গে যুক্ত কিছু অস্বাভাবিকতা মোকাবিলা করা। উপযুক্ত রোগীদের ক্ষেত্রে এটি অবশিষ্ট শ্রবণশক্তি সংরক্ষণের চেষ্টা করার পাশাপাশি ভার্টিগো নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।