ভারত নাকি আশা করছে যে ‘পূর্ব গৌরবের সঙ্গে’ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন – এমনই দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জিটিওয়ের প্রতিবেদন উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোয় জানানো হয়েছে, ইউনুস দাবি করেছেন যে ভারত বরাবরই হাসিনাকে সমর্থন করে আসছে। এমনকী পারলে হাসিনাকে ভারতে রেখে দিতে চাইবে নয়াদিল্লি।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মধ্যে ওই ডিজিটাল সংবাদমাধ্যমে ইউনুস যে সাক্ষাৎকার দেন, তাতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত কি হাসিনাকে ফিরিয়ে দেবে। সেটার জবাবে ইউনুস দাবি করেছেন, যদি কোনও আইনের কারণে বাধ্য না হয় ভারত, তাহলে সম্ভবত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে রেখে দেবে নয়াদিল্লি।ওই প্রতিবেদন অনুযায়ী, সেই উত্তরের প্রেক্ষিতে ইউনুসের থেকে জানতে চাওয়া হয়েছিল যে হাসিনাকে কেন রেখে দেবে ভারত? এখানে নয়াদিল্লির স্বার্থ কী? তার জবাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাবি করেন, ভারত সবসময়ই হাসিনার পাশে দাঁড়িয়েছে। বিজয়ী হিসেবে পূর্ণ গৌরবের সঙ্গে হাসিনার প্রত্যাবর্তন হবে বলেও সম্ভবত আশা করছে ভারত।ইউনুস দাবি করেছেন, হাসিনাকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা হয়েছিল তাঁর। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ওই সাক্ষাৎকারে ইউনুস দাবি করেছেন, মোদী বলেছিলেন যে বাংলাদেশকে নিয়ে হাসিনা যেন কোনও কথা না বলেন, তা নিশ্চিত করার জন্য মোদীকে অনুরোধ করেছিলেন। মোদী বলেছিলেন যে তাঁরা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন না।সেইসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাবি করেছেন যে আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হয়নি। আপাতত শুধুমাত্র হাসিনা দলের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। এখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদিও নির্বাচনে সব দলকে অংশগ্রহণ করতে না দেওয়ার মাধ্যমে কোন ধরনের ‘গণতন্ত্র’-র দৃষ্টান্ত ফুটে উঠছে, তা অবশ্য ব্যাখ্যা করেননি ইউনুস।
