মিয়ানমারের মিয়াওয়াডিতে অনলাইন চাকরির প্রতারণা চক্রের শিকার হওয়া মালয়েশিয়ার ২০ জন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। থাইল্যান্ড ও মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের (উইজমা পুত্রা) নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই দলটি গতকাল (বুধবার) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কেদাহের বুকিত কায়ু হিতাম আইসিকিউএস কমপ্লেক্সে এসে পৌঁছায়। দেশে ফেরার পর পরবর্তী তদন্তের জন্য তাদের রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মিয়াওয়াডি এলাকায় অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে মিয়ানমার কর্তৃপক্ষের সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া বেশ কয়েকজন বিদেশি নাগরিকের মধ্যে এই মালয়েশীয়রা ছিলেন।
মিয়ানমার, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ব্যাংককে অবস্থিত মালয়েশিয়ান দূতাবাসের কর্মকর্তারা মায় সোত-মিয়াওয়াডি দ্বিতীয় মৈত্রী সেতু হয়ে মিয়াওয়াডিতে যান। সেখানেই তারা মালয়েশীয় নাগরিকদের পরিচয় নিশ্চিত করে তাদের গ্রহণ করেন।

এরপর টাক প্রদেশের মায় সোতের কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সহযোগিতায় দলটিকে থাইল্যান্ডে ফিরিয়ে আনা হয়। সেখান থেকেই স্থলপথে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়।
ইয়াঙ্গুনে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসের সহায়তায় ব্যাংককের দূতাবাসের কর্মকর্তারা ভুক্তভোগীদের ব্যাপক কনস্যুলার সহায়তা প্রদান করেন। এই সহায়তার মধ্যে পরিবারকে অবহিত করা, অস্থায়ী ভ্রমণ নথি দেয়া, পরিবহন সরবরাহ এবং খাদ্য ও মাস্কের মতো মৌলিক প্রয়োজন মেটানো অন্তর্ভুক্ত ছিল।
দূতাবাসের কর্মকর্তারা মায় সোত থেকে বুকিত কায়ু হিতাম পর্যন্ত ২৬ ঘণ্টার পুরো যাত্রাপথে ভুক্তভোগীদের সঙ্গে ছিলেন, যাতে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারেন।