অভিনেতা আর মাধবন তাঁর মনোমুগ্ধকর ব্যক্তিত্ব এবং দুর্দান্ত অভিনয়ের জন্য বিখ্যাত। সম্প্রতি অক্ষয় কুমারের বিপরীতে ‘কেশরী ২’ ছবিতে এই অভিনেতাকে দেখা গিয়েছিল। তাছাড়াও অজয় দেবগনের ‘শয়তান’ ছবিতেও তাঁর কাজ প্রশংসিত হয়েছিল। এবার তাঁরা দু’জন আবারও ‘দে দে পেয়ার দে ২’-তে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। মজার বিষয় হল, মাধবন এই ছবিতে অজয় দেবগনের শ্বশুরের চরিত্রে অভিনয় করবেন। অভিনেতা সম্প্রতি এই ভূমিকা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।
আর মাধবন বলেন যে তিনি আগে কখনও বাবা বা শ্বশুরের চরিত্রে অভিনয় করেননি, তাই প্রথমে তিনি বেশ নার্ভাস ছিলেন। ট্রেলার লঞ্চের সময় মাধবন বলেন, ‘আমি কখনও বাবার চরিত্রে অভিনয় করিনি। অজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে গিয়ে আমি খুব নার্ভাস ছিলাম। আমি অনেক অভিনেতাকে দেখেছি যাঁরা সেটে আসার পরেও খুব ব্যস্ত থাকেন, কিন্তু অজয় স্যার সবসময় সেটে উপস্থিত থাকেন এবং সেই দিকেই তাঁর মন থাকে। আমরা সবসময় একটা সংযোগ অনুভব করি।’
ছবির সিক্যুয়েল সম্পর্কে বলতে গিয়ে মাধবন বলেন, গল্প ভালো হলে সিক্যুয়েল নিয়ে তার কোনও সমস্যা নেই। তিনি বলেন, ‘গল্প ভালো হলে সিক্যুয়েল নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমি চাই দর্শকরা এই ছবিটি পছন্দ করুক। আমরা সকলেই আত্মবিশ্বাসী যে আমরা একটা ভালো ছবি তৈরি করেছি।’

২০১৯ সালের ‘দে দে প্যায়ার দে’ ছবিতে অজয় দেবগণ এবং রাকুল প্রীত সিং মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। গল্পটি মধ্যবয়সী আশীষ মেহরাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে ছিল। যে তার মেয়ের চেয়ে কিছুটা বড় এক মহিলা আয়েশার প্রেমে পড়ে। প্রথম পর্বটি আশীষের পরিবারকে কেন্দ্র করে তৈরি, যেখানে টাবুকে অজয় দেবগণের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। এবার রাকুল থুড়ি ‘আয়েশা’ পরিবারকে দেখানো হবে। আর সেখানেই মাধবনকে রাকুলের বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটি ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।