আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ভূমিকম্পটি আঘান হানে। এর কেন্দ্রস্থল ছিলো উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর থেকে ৬১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায়।
রয়টার্সের মতে, ভূমিকম্পের ফলে উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। প্রাথমিক প্রতিবেদনে কোনো বড় ক্ষয়ক্ষতি নিশ্চিত করা হয়নি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধীরগতির কারণে চূড়ান্ত চিত্র পেতে সময় লাগতে পারে।
গত মাসে উত্তর আফগানিস্তানের বলখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ বিভিন্ন অঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।
এর আগে আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে ভয়াবহ আরেক ভূমিকম্প আঘাত হানে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৪ হাজার জন আহত হয়। এই ভূমিকম্পে কুনার প্রদেশ কার্যত ধ্বংস হয়ে যায়।
