ভোটে জিতলে মাসিক ১,০০০ টাকা ভাতা, ২,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি যেন অতীত হয়ে গেল। পুণে পুরনিগমের ভোটে জিততে সব নতুন-নতুন পন্থা ফাঁদলেন প্রার্থীরা। নিজেদের টাকার ‘গরম’ দেখাতে অভাবনীয় সব প্রতিশ্রুতি দিযেছেন। কেউ আশ্বাস দিয়েছেন যে তাঁকে ভোট দিলে এসইউভি গাড়ি মিলবে। কেউ আবার বলেছেন যে তিনি ভোটে জিতলে ভোটাররা যেতে পারবেন থাইল্যান্ড ট্রিপে। কেউ আবার প্রতিশ্রুতি দিয়েছেন যে ভোটে জিতলেই মিলবে সোনা থেকে শাড়িও। কেউ আবার তরুণ প্রজন্মের ভোটার এবং ক্রীড়াপ্রেমী ভোটারদের মন জয় করতে লাখ টাকা পুরস্কার মূল্যের ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে দিয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লোহাগাঁও-ধানোরি ওয়ার্ডের এক প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন যে ভোটে জিতলে ১১ জন লাকি বিজেতাকে ১,১০০ স্কোয়ার ফুটের জমি দেবেন। সেজন্য ইতিমধ্যে নাম রেজিস্ট্রেশনের পর্ব শুরু হয়ে গিয়েছে। লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নাম বেছে নেওয়া হবে। আবার বিমাননগরের এক প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ভোটে জিতলে দম্পতিদের পাঁচদিনের থাইল্যান্ডের ট্যুরের সুযোগ দেওয়া হবে। পাঁচদিনের সফর একেবারে বিলাসবহুল হবে বলে আশ্বাস দিয়েছেন ওই প্রার্থী।
সেখানেই শেষ হয়নি প্রতিশ্রুতির লম্বা লিস্ট। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোনও কোনও ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে কেউ প্রতিশ্রুতি দিয়েছেন যে ভোটে জিতলে এসইউভি গাড়ি দেবেন। কেউ আবার বলেছেন যে বাইক মিলবে। কেউ আবার সোনার গয়না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সবক্ষেত্রেই লাকি ড্র করা হবে। প্রত্যেকের ভাগ্যে সেইসব ভেটের শিঁকে ছিড়বে না বলেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রার্থীরা।

আবার মহিলা ভোটারদের মন জয় করতেও বিশেষ ভেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, কোনও কোনও প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন যে হাতে তৈরি তাঁতের শাড়ি দেবেন। একজন তো আবার প্রতিশ্রুতি দিয়েছেন যে সোনা বা রুপো থাকা ছোঁয়া থাকা শাড়ি উপহার দেবেন।