টলিউডে সম্পর্ক ভাঙাগড়ার গল্প কিছু নতুন নয়। এমনকী, তিল থেকে তাল করে, দম্পতিদের ডিভোর্স নিয়ে মুখোরোচক খবরও ছড়িয়ে পড়ে নিমেষে। আপাতত যেমন আলোচনা উদয় প্রতাপ সিং আর অনামিকা চক্রবর্তীকে নিয়ে। রটনা, বিয়ের দু বছর ঘুরতে না ঘুরতেই, ডিভোর্সের পথে হাঁটছেন তাঁরা। সম্প্রতি স্বামী উদয়ের সঙ্গে থাকা সব ছবি সমাজমাধ্যম থেকে মুছে দেন অনামিকা। তা থেকেই হয় আলোচনার সূত্রপাত।
তবে এবার বড়দিনের রাতেই সব বিতর্কে জবাব দিলেন উদয়। বউকে জড়িয়ে ধরেই করলেন নিন্দুকদের মুখ বন্ধ। একসঙ্গে তোলা দুটি ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন ক্রিসমাসে। সঙ্গে আবার রোম্যান্টিক গানও জুড়েছেন, ‘সোচতা হু কাভি উসকা দিল, মুঝপে আয়ে তো…’!
আর উদয়-অনামিকার এই পোস্টে খুশি তাঁদের ভক্তরা। একজন লিখেছেন, ‘তোমরা আমার বড়দিন স্পেশাল করে তুললে। কী কিউট। তোমাদের একসঙ্গে দেখে কী যে খুশি বোঝাতে পারব না।’ আরেক জন লেখেন, ‘এভাবেই তোমরা একসঙ্গে থাকো। ব্যস আর কিচ্ছু চাই না।’
ডিভোর্স-চর্চা অবশ্য আগেই হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন উদয়। এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সমাজে যাঁরা একটু পরিচিত মুখ তাঁদের কম-বেশি অনেক কিছুরই সম্মুখীন হতে হয়। আমাদের বিচ্ছেদ হচ্ছে না। আর এই আলোচনা বিন্দুমাত্র আমাদের উপর প্রভাব ফেলে না।’ আর অনামিকার জবাব ছিল, ‘সমাজমাধ্যমের পাতাটা আমার কাজের জায়গা। সেখানে ব্যক্তিগত জীবনকে তুলে ধরার কোনও বাসনা নেই আমার। আর যদি কিছু হয়েও থাকে বাইরের কাউকে জবাব বা কৈফিয়ত দিতে রাজি নই আমি। একান্তই আমার ব্যক্তিগত বিষয়।’
আপাতত পরিণীতা ধারাবাহিকে রায়ান হিসেবে দেখা যাচ্ছে উদয়কে। মোটামুটি টিআরপি তালিকায় বেশ টপেই থাকে এই মেগা। পারুল-রায়ানের জুটি নিয়েও কম মাতামাতি হয় না সোশ্যাল মিডিয়াতে। সেদিক থেকে বেশ টালমাটাল অনামিকার কেরিয়ার। একাধিকবার অনামিকা জানিয়েছেন যে, হাতে সেভাবে কাজ নেই। এমনকী, এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ওজন বেড়ে যাওয়ায় আজকাল আর কাজ পাচ্ছে না। মাজে মিঠিঝোরা ধারাবাহিকে কোয়েলের রোলে কাজ করেছিলেন মাসকয়েক। আপাতত অনামিকা মন দিয়েছেন ডেইলি ভ্লগিংয়ে।

দীর্ঘ আড়াই বছর প্রেম করার পর, ২০২৩ সালের ২৮ জুন বসেছিলেন বিয়ের পিঁড়িতে। উল্টোরথের দিনে বিয়ে করেন তাঁরা। বিয়ের দিন বলিউড ধাঁচে প্যাস্টেল রঙের পোশাকে সেজেছিলেন কর্তা আর গিন্নি। বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘টু নিউ বিগিনিংস! চিয়ার্স টু আস! উই মেড ইট।’