‘আমি একটু কিউট, মনে হয় না স্বর্গে যেতে পারব’

Spread the love

ডোনাল্ড ট্রাম্প মনে করেন না যে তিনি স্বর্গে যেতে পারবেন। গাজায় মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পর ইসরাইল ভ্রমণের সময় এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।গেল ১২ অক্টোবর, ট্রাম্প যখন এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন ফক্স নিউজের পিটার ডুসি জিজ্ঞাসা করেন যে এই যুদ্ধবিরতি প্রেসিডেন্টকে স্বর্গে যেতে সাহায্য করবে কি না। ট্রাম্পের পূর্ববর্তী এক মন্তব্যের কথা উল্লেখ করেই প্রশ্নটি করেন তিনি।

জবাবে ট্রাম্প বলেন, ‘মানে, আমি একটু কিউট। আমার মনে হয় না এমন কিছু আছে যা আমাকে স্বর্গে নিয়ে যাবে।’ খবর ইউএসএ টুডে’র।

তিনি আরও বলেন, 

আমার মনে হয়, আমি হয়তো স্বর্গমুখী নই… আমি নিশ্চিত না যে স্বর্গে যেতে পারব। তবে আমি অনেক মানুষের জীবন অনেক সুন্দর করে তুলেছি।

এদিকে, দুর্নীতির অভিযোগে বিচারাধীন বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরাইলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) নেসেটে ভাষণ দেয়ার সময় এ আহ্বান জানান তিনি। 

শুধু তাই নয়, একইদিন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ট্রাম্পের একটি ভিডিও বেশ আলোচনায় এসেছে, ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেও।

মিশরের শারম আল-শেখে গাজা শান্তি সম্মেলনে, ইসরাইল-হামাসের প্রশংসা করে দেয়া ট্রাম্পের ভাষণের পাশাপাশি মেলোনির প্রতি তার দৃশ্যত ‘বিব্রতকর প্রশংসা’ সবার দৃষ্টি আকর্ষণ করে। 

বক্তৃতার সময়, ট্রাম্প তার পেছনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন বিশ্বনেতাকে স্বাগত জানান এবং তাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। যখন মেলোনির পালা আসে, তখন তিনি সবকিছু বাদ দিয়ে তার ‘সৌন্দর্য’ নিয়ে কথা বলেন এবং জিজ্ঞাসা করেন, তিনি প্রশংসায় বিরক্ত হয়েছেন কি না।

ট্রাম্প বলেন, ‘আমাদের একজন নারী আছেন, যিনি সুন্দরী। আমি আসলে এটা সরাসরি বলতে পারি না কারণ, আপনারা জানবেন যে, এভাবে বললে যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হতে পারে।’  

ট্রাম্প মেলোনির দিকে মুখ ফিরিয়ে আবার বলেন, ‘কিন্তু আমি এই সুযোগটা ছাড়তে চাচ্ছি না। মেলোনি, সুন্দরী বলাতে আপনার আপত্তি নেই তো, তাই না?’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *