বিশ্বকাপের আগে নিজেদের ফেবারিট মনে করছেন না ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। ইতিহাস ও সাম্প্রতিক সাফল্য বিবেচনায় তিনি বলেন, ইংল্যান্ড এখনও শিরোপার শীর্ষ দাবিদার নয়, তবে দলটি ট্রফি জয়ের দৌড়ে আছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরে স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ফেবারিট হিসেবে দেখা হচ্ছে। সেই তালিকায় ইংল্যান্ডের অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে টুখেল স্পষ্ট করেন, তারা বড় স্বপ্ন নিয়েই খেলতে নামছে, তবে শীর্ষ ফেবারিট নয়।
কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে টুখেন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা টপ ফেবারিট নই। কারণ আমরা অনেক বছর ধরে বিশ্বকাপ জিতিনি। অন্য দলগুলো বেশি সফল। আমরা লড়াই করতে এসেছি এবং শেষ পর্যন্ত যেতে চাই।’
তবে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আশাবাদী টুখেল। গত দুটি ইউরো ফাইনাল এবং বিশ্বকাপে কোয়ার্টার ও সেমিফাইনালে খেলার অভিজ্ঞতাকে তিনি বড় শক্তি হিসেবে দেখছেন। তার মতে, এসব ফলাফল প্রমাণ করে ইংল্যান্ড ট্রফির খুব কাছাকাছি পৌঁছে গেছে।
টুখেল বলেন, ‘আমরা বিশ্বাস করি ট্রফি জেতা সম্ভব, কিন্তু ইতিহাস আমাদের ফেবারিট বানায় না।’

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে ১৯৬৬ সালের শিরোপা জয়ই একমাত্র বড় সাফল্য। এরপর ১৯৯০ ও ২০১৮ সালে তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।