মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের এস্টেট থেকে পাওয়া তৃতীয় দফার ছবিগুলি প্রকাশ করলেন। আর এপস্টাইনের অন্ধকার জগতের আরও ৬৮টি চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে আসতেই ফের উত্তাল হল মার্কিন রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন সহকারী স্টিভ ব্যানন, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং প্রখ্যাত অর্থনীতিবিদ নোয়াম চমস্কির মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের বিশেষ ছবি দেখে ছ্যাঁত করে উঠছে তদন্তকারীদের বুকও।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এপস্টিন-ফাইল প্রকাশ এখন বড় ইস্যু। ফেডারেল সংস্থার ‘স্বচ্ছতার অভাব’ নিয়েও তোপ দেগেছে ডেমোক্র্যাটরা। এই নতুন প্রকাশিত ছবিগুলিতে শুধু যে এপস্টাইন ও তাঁর সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের বিকৃত রুচির প্রমাণ মিলেছে তা নয়, বরং বিশ্বের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কুখ্যাত যৌন অপরাধীর ঘনিষ্ঠতার নতুন প্রমাণও পাওয়া গিয়েছে। একটি ছবিতে বিল গেটসকে বিভিন্ন মহিলার সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে এপস্টাইনের সঙ্গে তাঁর ব্যক্তিগত বিমানে আলাপচারিতায় মগ্ন থাকতে দেখা গিয়েছে অর্থনীতিবিদ নোয়াম চমস্কিকে। আবার একটি ছবিতে স্টিভ ব্যাননের সঙ্গে একান্তে কথা বলতে দেখা গিয়েছে এপস্টিনকে। এছাড়া একটি ছবিতে দেখা গিয়েছে, এক মহিলার পায়ের উপরে লেখা, ‘ও ছিল লো, শুধুই লো। সকালে এক মোজা পরে দাঁড়িয়েছিল, উচ্চতা চার ফুট দশ ইঞ্চি।’ ওই পায়ের পিছন থেকে উঁকি মারছে ভ্লাদিমির নবোকভের বিতর্কিত উপন্যাস ‘লোলিতা।’ আরও একটি ছবিতে দেখা গিয়েছে, সম্ভবত কোনও মহিলার পিঠে লেখা রয়েছে, ‘ও ছিল ডলোরেস।’ আরও একটি ছবিতে দেখা যাচ্ছে এক মহিলার ঘাড়ে লেখা আছে, ‘স্কুলে ওকে ডাকত পলি বলে।’
পাশাপাশি ইউক্রেন, মরক্কো এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি থেকে নিয়ে আসা মহিলাদের পাসপোর্টের ছবিও রয়েছে। ফাঁস হয়েছে একটি রহস্যময় চ্যাটের স্ক্রিনশটও। সেখানে দেখা যাচ্ছে জনৈক ব্যক্তি, এপস্টাইনকে পাচার করার জন্য মহিলা পিছু ১০০০ মার্কিন ডলার করে দাবি করেছেন। এই ছবিগুলি সামনে আসার পরে বিশ্বজুড়ে প্রভাবশালী মহলে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ছবিগুলি সামগ্রিকভাবে কোনও অপরাধ প্রকাশ না করলেও, এপস্টিনের হাই-প্রোফাইল নেটওয়ার্ক ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠছে জনমানুষে। এ মাসের শুরুর দিকে ডেমোক্র্যাটরা ১৫০টিরও বেশি ছবি-ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে দেখা যায় এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস ও গ্রেট সেন্ট জেমসের বিভিন্ন কক্ষ, পুল, লাইব্রেরি, এমনকি একটি ডেন্টাল চেয়ার রাখা ঘরও। দুই দ্বীপেই কমবয়সি মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগ ছিল এপস্টিনের বিরুদ্ধে। এরপর ১৯টি ছবি প্রকাশ করেন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা। সেই ছবিতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্টিভ ব্যানন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, প্রাক্তন অর্থসচিব ল্যারি সামার্স,বিল গেটস এবং চলচ্চিত্রকার উডি অ্যালেন-এর মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে এপস্টিনকে দেখা গিয়েছে।
