এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় শহর থেকে গ্রাম সর্বত্র চলছে একাধিক কনসার্ট। যাদের টিভির পর্দায় সব সময় দেখতে পাওয়া যায় সেই মানুষদের একবার চোখের সামনে দেখার জন্য এই কনসার্টগুলিতে ভিড় করেন সাধারণ মানুষ। এমনই একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল গোয়ালিয়রে।
কনসার্ট প্রথম থেকে বেশ সুষ্ঠুভাবেই চলছিল কিন্তু আচমকা দর্শকরা মঞ্চের দিকে এগিয়ে আসতে শুরু করেন। কৈলাস খের মঞ্চ থেকে বারবার সকলকে অনুরোধ করলেও উন্মুক্ত জনতা শোনেননি। কেউ একবার ছুঁয়ে দেখার চেষ্টা করেছেন গায়ককে কেউ আবার সেলফি তোলার চেষ্টা করেছেন। অবশেষে ক্ষিপ্ত হয়ে জনতাকে পাশবিক আচরণ করতে মানা করে সেখান থেকে চলে যান কৈলাস।
কনসার্টে ঠিক কি ঘটেছিল?
কৈলাস জানান, সেদিন দর্শক এতটাই উন্মুক্ত হয়ে গিয়েছিলেন যে আমাকে সেখান থেকে চলে যেতে হয়েছিল। আমার মনে হয়েছিল যদি আমি সেখান থেকে চলে যাই তাহলে ব্যাপারটা শান্ত হয়ে যাবে। আমি রাগ করে এই সিদ্ধান্ত নিয়ে নি বরং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম।
গায়ক জানান, কর্তৃপক্ষ সেদিন যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু দর্শকরা কিছুই কথা শুনতে চাইছিল না। উত্তেজনা কিছু সময়ের জন্যই থাকে তাই আমার মনে হয়েছিল যে সেখান থেকে চলে যাওয়াই ভালো। তবে সেদিন শুধু ছেলে নয়, মেয়েরাও ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল। দর্শক এবং শিল্পী উভয়ের নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হয়ে গিয়েছিল।গায়ক আরও বলেন, তবে কনসার্ট যতটুকু চলেছিল সকলে ভীষণ আনন্দ করে নাচ করেছে। সবাই ভীষণ উপভোগ করেছিল। তবে আমি শুধু চেয়েছিলাম যাতে কারও আঘাত না লেগে যায়। তবে এরকম বড় কনসার্ট হলে আরও বেশি নিরাপত্তা প্রয়োজন। দর্শক এবং গায়ক দুজনের স্বার্থে নিরাপত্তা আরও জোরদার করলে ভালো হতো।
